
শেষ আপডেট: 5 February 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জির পরবর্তী ছবি 'পদাতিক'। সেখানে মুখ্য চরিত্রে অর্থাৎ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
চঞ্চল চৌধুরীকে মৃণাল সেনের চরিত্রে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এবার সৃজিত তাঁর ভক্তদের অন্য এক চমক দিলেন। জানালেন ‘পদাতিক’-এ শোনা যাবে প্রয়াত পরিচালক সত্যজিৎ রায়ের কণ্ঠ! এও সম্ভব?

কালজয়ী পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। এখানে চঞ্চল চৌধুরী ছাড়াও জিতু কমলকে দেখা যাবে সত্যজিৎ রায়ের চরিত্রে। এর আগেও অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে সত্যজিতের চরিত্রে জিতু কমলকে দেখা গেছিল। তাঁর মুখেই শোনা যাবে সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর। সৃজিত জানান, এটা সম্ভব হবে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।
সম্প্রতি সঙ্গীত পরিচালক এ আর রহমান রজনীকান্তের সিনেমায় এআই ব্যবহার করেন। এর সাহায্যে দুই প্রয়াত তামিল গায়কদের কণ্ঠস্বর শোনা যায়। এবার বাংলাতেও এআই-এর ব্যবহার শুরু হল সৃজিতের হাত ধরে।
![]()
‘পদাতিক’-এ মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। এ ছাড়া যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়। যেখানে মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কমলের কথা বলার দৃশ্য ধরা রয়েছে।