
শেষ আপডেট: 3 March 2023 16:51
দ্য ওয়াল ব্যুরো: গত বছরই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) 'লহ গৌরাঙ্গের নাম রে' শ্যুটিং শুরুর কথা ছিল। তবে কোনও কারণে তা পিছিয়ে গিয়েছে। শেষে অবস্থা এমন হয় যে, ছবিটি ফ্লোরে আসাই একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ে। তবে শুক্রবার সমস্ত জল্পনায় জল ঢেলে প্রযোজক রানা সরকার (Rana Sarkar) বললেন, লহ গৌরাঙ্গের নাম রে'র শ্যুটিং খুব শিগগিরই শুরু হবে। তিনি আরও জানালেন যে, সৃজিত আর এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন না।
গত বছরই জানা গিয়েছিল রানা সরকারের প্রযোজনায় মহাপ্রভু শ্রীচৈতন্যের জীবন নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। চতুষ্কোন-এর পর ফের সৃজিত-রানা জুটির সিনেমা দেখার অপেক্ষায় প্রহর গুনছিল সিনেমাপ্রেমী দর্শকরা। তবে শুক্রবার রানা জানালেন, ওই ছবি পরিচালনার দায়িত্বে সৃজিত আর থাকছেন না। তবে ছবির চিত্রনাট্য সৃজিত আগেই লিখেছিলেন। আপাতত নতুন পরিচালকের খোঁজ চলছে।
গতবছর জুন-জুলাই নাগাদ ছবির শ্যুটিং শিডিউল ঠিক করেছিলেন সৃজিত। তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। মনে করা হচ্ছে, এর ফলে অন্যান্য নতুন কাজ সৃজিতের হাতে চলে এসেছে। যেহেতু রানা এই বছর জুনে ছবির শ্যুটিং করতে চলেছেন, তা হয়তো পরিচালকের পক্ষে আর সম্ভব হচ্ছে না। রানা জানিয়েছেন, সৃজিতের চিত্রনাট্য বদল করা হচ্ছে না। তবে ওর বদলে নতুন পরিচালক খোঁজার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এই কথা জানানোর পাশাপাশি এদিন রানা ছবিতে নটী বিনোদিনীর লুক প্রকাশ করেছেন। যে চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। সোমনাথ কুণ্ডুর নিপুণ হাতের কাজে প্রিয়াঙ্কাকে সাজিয়ে তোলা হয়েছে একেবারে মহাপ্রভুর মতোই। মুণ্ডন করা মাথা, গায়ে গেরুয়া বসনে প্রিয়াঙ্কাকে চেনাই দায়। এর পাশাপাশি ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে ব্রাত্য বসুর অভিনয়ের কথাও ঘোষণা করেছেন তিনি।
এসবের মধ্যেও রানা সরকার আরও দু'টি ছবি নিয়ে নতুন আপডেট দিয়েছেন। প্রথমটি হল, 'মীর জাফর ২' ছবির কাজ আপাতত পিছিয়ে গেছে। এবং দ্বিতীয় আপডেটটি 'ধূমকেতু' নিয়ে। যে সিনেমার মুক্তি দীর্ঘ প্রায় সাত-আট বছর ধরে আটকে রয়েছে। রানা বলেছেন, "ধূমকেতু রিলিজের কাজ অনেক এগিয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি ভাল খবর দিতে পারব।"
'নিজের সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে', 'ডাকঘর' বিতর্কে মুখ খুললেন অভিষেক সাহা