
কী বললেন সৃজিত?
শেষ আপডেট: 21 February 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০২২। শেষবারের মতো 'কাকাবাবু' (Kakababu Film) কে পর্দায় নিয়ে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। এরপরেই নিয়েছিলেন এক সিদ্ধান্ত। জানিয়েছিলেন, আর কাকাবাবু পরিচালনা করবেন না তিনি। কিন্তু কাকাবাবু সফর কি আর থেমে থাকে? তিনি ফের ফিরছেন। সৃজিত হাত ছাড়লেও কাকাবাবুর হাত ধরেছেন পরিচালল চন্দ্রাশিস রায়।
না, এতে অবশ্য ক্ষোভ অসন্তোষ, কিছুতেই নেই সৃজিতের। বরং বেজায় খুশি তিনি। কাকাবাবুর সফর জারি আছে, আনন্দিত পরিচালক। এ দিন প্রযোজনা সংস্থা এসভিএফের নিজস্ব অফিসেই শুভ মহরৎ হল এই ছবির। প্রযোজনা সংস্থার তরফে ভিডিয়ো কল যায় সৃজিতের কাছেই। বেশ খানিকক্ষণ কথা হয় দু'জনের। হাজির ছিলেন কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। সৃজিতের কথায়, "অনেক শুভেচ্ছা চন্দ্রাশিসকে। ফাটিয়ে দিক ও।"
প্রসঙ্গত, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘বিজয়নগরের হিরে’ অবলম্বনে এই ছবি তৈরি হচ্ছে। এবারের অভিযানে সন্তু-কাকাবাবুর গন্তব্য দক্ষিণ ভারতের হামপি। দিল্লিতে তখন পাগলা রাজা মহম্মদ বিন তুঘলকের আমল। হরিহর আর বুক নামে দু’ভাইয়ের হাতে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা। প্রতিবেশী-রাজ্য বাহমনির সঙ্গে বিজয়নগরের লেগে থাকত যুদ্ধ। সেই বিজয়নগরের ইতিহাস নিয়ে এবারের কাকাবাবু গল্প। হামপির দিকে বেড়াতে বেরোয় কাকাবাবু এবং তার দলবল। সন্তু তো ছিলই। ছিল জোজো। আরও দু-জন ছিলেন। রঞ্জন ঘােষাল ও তাঁর স্ত্রী রিস্কু। কাকাবাবুর বিশেষ পরিচিত। এমনিতে দারুণ হুল্লোড়বাজ। কিন্তু বিপদের মুখােমুখি হতেই এক অন্য চেহারা। আর সন্তু-কাকাবাবু যেখানে, বিপদ সেখান থেকে কতক্ষণ দূরে থাকতে পারে? এমনই অসামান্য অ্যাডভেঞ্চার-কাহিনিই শুনিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর উপন্যাসে। সেই গল্পই এবার ভর করবে পর্দায়।
এর আগে সৃজিতের পরিচালনায় কাকাবাবু সিরিজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ২০১৩ সালে 'মিশর রহস্য' এবং ২০১৭ সালে ইয়েতি অভিযান' তৈরি করেছিলেন পরিচালক। তার পাঁচ বছর পরে মুক্তি পায় 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। শুধু বাংলায় নয়, হিন্দিতেও মুক্তি পায় ছবি। সৃজিতের কাকাবাবুর স্বাদ আগেই পেয়েছেন সকলে। চন্দ্রাশিস সেই লিনিয়েজ কি বজায় রাখতে পারবেন? বুম্বাদার আস্থা রয়েছে। তবে জনতাই যে জনার্দন।