দ্য ওয়াল ব্যুরো: এমনিতে রাজনীতি থেকে খুব একটা দূরে থাকেন না তিনি। নিজে রীতিমতো ঘোষিত বাম সমর্থক। ভোটের সময় বাম প্রার্থীদের হয়ে প্রচারেও গিয়েছিলেন। তবে সক্রিয় রাজনীতিতে আসেননি। সেই শ্রীলেখা মিত্র নাকি পা রাখছেন রাজনীতির আঙিনায়! জোর শোরগোল পড়ে গেছে টলিপাড়ায়।
নেহাত গুঞ্জন নয়। একেবারে আঁটসাঁট বেঁধে রাজনীতিতে আসছেন শ্রীলেখা মিত্র। তার জন্য নিয়ে ফেলেছেন অনন্য 'লুক'। সাদা শাড়ি, হালকা নীল পাড়, চোখে চশমা, আর ছোট্ট করে ছাঁটা চুল। শ্রীলেখা মিত্রের নতুন লুক দেখে কয়েক সেকেন্ড থমকে যেতে হয়। চেনা চেনা লাগে। অবিকল দুই বিখ্যাত রাজনীতিবিদের আদল ভেসে ওঠে শ্রীলেখা মিত্রের লুকে।
ব্যাপারটা কী? তবে যে এতদিন জোর গলায় শ্রীলেখা বলে এসেছেন রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা নেবেন না তিনি?
আর কিছুই নয়, নিজের আঙিনা বিনোদনের পর্দাতেই রাজনীতিকে ফুটিয়ে তুলতে চলেছেন শ্রীলেখা। নতুন ছবি আসছে তাঁর। সুশান্ত রায় পরিচালিত প্রথম হিন্দি ছবি 'ন্যায়- জাজমেন্ট ডে' ছবিতে এক নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা। সাদা শাড়ি ছাঁটা চুলে তারই প্রথম লুক প্রকাশ করেছেন তিনি। নেট মাধ্যমে শ্রীলেখা মিত্রের এই নতুন অভিনব লুক নিয়ে হইচই শুরু হয়েছে।
কেন এত হইচই? কারণ শ্রীলেখা মিত্রের এই 'রাজনৈতিক' লুকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্দিরা গান্ধীর ছাপ স্পষ্ট অনুধাবন করেছেন নেট নাগরিকরা।
এমনকি নতুন লুক পরিপাটি করে ফুটিয়ে তুলতে নকল উঁচু নাকও বসিয়েছেন অভিনেত্রী।
শ্রীলেখা জানিয়েছেন, ছবিটি আদ্যন্ত রাজনৈতিক। স্ক্রিপ্ট শুনেই ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর লুকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা ইন্দিরা গান্ধীর সাদৃশ্য থাকলেও ছবিটি প্রতীকী। অভিনয় করে মজাই পেয়েছেন তিনি।
'ন্যায়-জাজমেন্ট ডে' ছবিতে শ্রীলেখা মিত্র ছাড়াও অভিনয় করেছেন পায়েল রায়, রবিন দাস, অখিলেন্দ্র মিশ্র, শাহিদুর রহমান প্রমুখ। অনলাইন প্লাটফর্মে এই ছবি মুক্তি পাবে না সিনেমা হলে তা এখনও ঠিক করা হয়নি। তবে বাম শ্রীলেখার লুকে কংগ্রেস আর তৃণমূলী ছাপ দেখে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।