
শেষ আপডেট: 19 June 2022 15:42
পিতৃ দিবসে বাবাদের কথা ভাগ করে নিচ্ছেন টলিউড তারকারা। কারও বাবা কেবলই স্মৃতি, বেদনায় মলিন সে স্মৃতির চর্চা। কারও বা আবার বাবার সাহচর্যই জীবনের সেরা প্রাপ্তি। নানা আঙ্গিকে, নানা ভাবে ফাদার্স ডে পালন হয়েছে আজ সোশ্যাল মিডিয়া জুড়ে। দ্য ওয়ালের কাছেও বাবার কথা ভাগ করে নিলেন তিন টলি-সেলেব, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)।

বাবা চলে যাওয়ার পর এমন কোনও মুহূর্ত নেই ,যখন আমি বাবাকে মিস করি না। বাবার মৃত্যু আমার কাছে খুবই আকস্মিক। কারণ বাবাকে শেষ দেখাটুকু আমার হয়নি। আজও সেই জন্য আফসোস করি।



আমি মাস খানেক বিদেশ ট্যুর করে ফেরার পরে এয়ারপোর্টে নেমে ভাই বলেছিল, দিদি চল বাবাকে একবার দেখে আসবি। কিন্তু সেই সময় শরীর ক্লান্ত থাকায় যাওয়া হয়নি। বলেছিলাম, এক সপ্তাহ পরেই যাব। কিন্তু আর এক সপ্তাহ এল না। তার আগেই বাবা চলে গেল।

বাবা খুব ইলিশ মাছ পছন্দ করত। আমার বন্ধু আত্রেয়ীকে বাবা ছোটবেলা থেকেই বাড়ি এলে ইলিশ মাছ খাওয়াত। আজ আত্রেয়ী আমার বাড়ি এসেছে এবং বাজার থেকে ইলিশ মাছ আনিয়েছি। তার আগে পর্যন্ত আজ যে ফাদার্স ডে সেটা আমার মনে ছিল না। তার পরে জানতে পারলাম এখন মনে হচ্ছে বাবাই হয়তো কোথাও আত্রেয়ীকে ইলিশ মাছ খাওয়াতে চেয়েছিল।

পাঁচ বছর হল মা চলে গেছেন। মা চলে যাওয়ার পর থেকেই বাবা রান্নার দিকটা খুব ভালভাবে দেখেছে। শীতের সময় পিঠেপুলি থেকে শুরু করে গাজরের হালুয়া-- সবই নিজে দাঁড়িয়ে থেকে রান্না করান এখনও।

আমার বাবাকে নিয়ে প্রচুর ঘুরতে যাওয়ার শখ। সময় পেলে এখানে ওখানে চলে যাই আমরা। সেদিনই কাশ্মীর থেকে ঘুরে এলাম।

এখন বাবার মনে রাখার সমস্যা দেখা দিয়েছে। পটাশিয়াম-সোডিয়ামের প্রবলেম। এখন তাই বাবাকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। শ্যুটিং থেকে সোজা বাড়ি আসি। বাবার সঙ্গে সময় কাটাই।

বাবাকে হারিয়েছি চার বছর হয়ে গেল। বাবা চলে যাওয়ার পর থেকে বুঝতে পারি, বাবা ছোটবেলায় কেন রাগ করত। বিশেষত পড়াশোনা নিয়ে। সেইসঙ্গে যেহেতু বাবা নাটকের সঙ্গে যুক্ত ছিল, তাই নাটক নিয়ে, অভিনয় নিয়ে সবকিছু নিয়েই বাবার কাছে বকুনি খেতাম আমরা।

এখন বুঝতে পারি বাবা কেন সেই সময় আমাদের বকুনি দিত। আজ যখন লোকে বলে, 'বিপ্লববাবুর মেয়েরা খুব ভাল শিক্ষা পেয়েছে', তখন আমাদের উপলব্ধি হয়।
আর একটা জিনিস, আমার দুই মেয়ে। বড় মেয়ে বাবাকে পেলেও ছোট মেয়ে সে ভাবে বাবাকে পায়নি। সেটা একটা বড় আফসোস আমার কাছে এবং আমার ছোট মেয়ের কাছেও।