
শেষ আপডেট: 3 July 2022 15:36
সাদা কালো বাংলা ছবি যেমন রঙিন হল তেমন গানের সুরেও নতুন রঙ লাগল। আর ডি বর্মন, বাপ্পি লাহিড়ি জমানায় বোম্বের ছোঁওয়া লাগল বাংলা ছবিতে। সেই রঙিন ছবির এক অবিস্মরণীয় গায়ক মোহম্মদ আজিজ, ইন্ডাস্ট্রির মুন্নাদা।
বাংলা ছবিতে ৮০-৯০ দশকে অঞ্জন চৌধুরী, বীরেশ চ্যাটার্জি, প্রভাত রায়ের পরের পর ছবিতে মহঃ আজিজের গান সুপারহিট। সবার আগে যে গান মনে পড়ে অঞ্জন চৌধুরীর ‘গুরুদক্ষিণা’ ছবিতে বাপ্পি লাহিড়ির সুরে 'পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়’। লাল নীল আলোর মাঝে সৌমিত্র ব্যানার্জীর হাতে মাইক, ব্যাকস্টেজে গানটা গেয়ে দিচ্ছেন তাপস পাল। আসল প্লে ব্যাক শিল্পী মহঃ আজিজ। আজও মানুষ যে গান ভালোবাসে গুনগুন করে।
প্রকৃত নাম সৈয়দ মোহাম্মদ আজিজ-উন-নবী। মুন্না নামেই বিখ্যাত ছিলেন তিনি। আশির দশকে মহঃ রফির প্রয়াণের পর তাঁর কণ্ঠকে যেন বাঁচিয়ে রেখেছিলেন মহঃ আজিজ। কলকাতা থেকে বাংলার সমস্ত জলসায় তখন রফির গানে আসর মাতাচ্ছেন মুন্না।
https://youtu.be/NWby0xG1PY0
প্লেব্যাক করেছেন বলিউড, টলিউড সহ ওড়িয়া ছবিতে একাধিক গান। ২ জুলাই ১৯৫৪ সালে মুন্নার জন্ম বাংলাতেই, অশোকনগরে। তিনি একটি মুসলিম আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। সঙ্গীতের একজন প্রেমিক হিসেবে মোহম্মদ রফির গান তিনি খুব শৈশব থেকে গাওয়া শুরু করেন এবং তাঁর কণ্ঠ মিলে যেত রফির সঙ্গে। পরের দিকে লুকেও মিলে যায় রফির সাথে। অত্যন্ত নরম সুরেলা গলা, উচ্চ গুণমান এবং মিষ্টি বহুমুখী ছন্দের কণ্ঠ হওয়ার কারণে তিনি সঙ্গীতপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার 'গালিব' রেস্টুরেন্টে মহঃ রফির গান গেয়ে তাঁর কেরিয়ারের শুরু।
২৭ দিন পরেই রেডিওতে ফিরছেন মীর? ফেসবুকে নতুন ইঙ্গিত
প্রথম প্লেব্যাক সুজিত গুহর 'বৌমা' ছবিতে গান গেয়ে। এরপর প্রসেনজিৎ, অনুরাধা প্যাটেল, রামেশ্বরী অভিনীত হিট ছবি ‘জ্যোতি’ দিয়ে মহঃ আজিজের বাংলা ছবিতে হিটের জয়মালা লাভ। প্রসেনজিতের লিপে ‘এবার আমি যাই যে চলে দাও গো বিদায় হাসি মুখে’।
একবালপুর-মোমিনপুর চত্বরে দীর্ঘকাল ছিলেন মুন্না। ওঁর ভাইরাও আজও ওখানেই থাকেন। মুন্নাই তাঁদের গর্ব। আজিজ পরিবার আজও রয়ে গেছেন একবালপুরেই কলকাতায়।
[caption id="attachment_2322661" align="aligncenter" width="445"]
একবালপুরের বাড়িতে মহঃ আজিজের পরিবার[/caption]
আবার মুন্নার জীবনসঙ্গিনীর সঙ্গে প্রেম এই এলাকা থেকেই। যাত্রার স্টার নায়িকা কাকলী চৌধুরী জানাচ্ছেন "মুন্না নামেই ওকে চিনতাম। তখন ও গানে উঠছে। ওর বৌ আমার বান্ধবী ছিল। টাক মাথা, গোল মুখ, বিখ্যাত মহঃ আজিজের লুক অবিকল মিলে যেত মহঃ রফির (Md Rafi) সঙ্গে। কিন্তু প্রথম যৌবনে এক মাথা চুল ছিল মুন্নার এবং তখনই আমার বান্ধবীর সঙ্গে ওর প্রেম শুরু। প্রেমিকার জন্মদিনে শত ব্যস্ততার মাঝেও মুন্না আসবেই। নাচগান খাওয়া দাওয়া। একসঙ্গে নাচতাম আমরা পার্টিতে। মুন্না গান গাইত। এরপর প্রেমিকাকে স্ত্রী করল। বিয়ের পরই ওরা বোম্বে চলে গেল।"
মহঃ আজিজের প্রথম হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক ছিল স্বপন-জগমোহনের সুরে ‘অম্বর’। যেটি ছিল প্রসেনজিতের বাংলা ছবি 'জ্যোতি'রই হিন্দি রিমেক। প্রসেনজিৎ-ই হিরো।
কিন্তু বিখ্যাত হন বলিউডে অনু মালিক যখন তাকে সুযোগ দেন অমিতাভ বচ্চন অভিনীত ‘মর্দ’ ছবিতে গান গাইবার।
বলিউডে তাঁর জনপ্রিয় গান 'ম্যায় তেরি মোহাব্বাত মে পাগল হো জাউঙ্গা', 'ত্রিদেব' ছবি। মহঃ আজিজের গানে ধর্মেন্দ্র-পুত্র সানি দেওল হিটের মুখ দেখলেন এবং নিজের লিপে আইকনিক গানও পেলেন। ডুয়েট গানে মাধুরী দীক্ষিতের লিপে গেয়েছিলেন সাধনা সরগম। যে গান আজও ঐ আশির দশকের রোম্যান্টিসজিমে ভাসায় আমাদের।
'এয় ওয়াতন তেরে লিয়ে', 'কর্মা' ছবিতে আজিজের গান স্বদেশী গানের তালিকায় স্থান পায়। সঙ্গীত পরিচালনা করেন লক্ষ্মীকান্ত-প্যারেলাল। ‘লাল ডুপাট্টা মালমাল কা’, 'তেরে মেরে বিচ মে' কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে, 'আপ কে আ জানে সে' সাধনা সরগম কিংবা আশা ভোঁসলে, অনুরাধা পাড়োয়াল, অলকা ইয়াগনিক, অনুপমা দেশপান্ডে সবার সঙ্গেই গেয়েছেন আজিজ। ‘ঝন ঝন পায়েল’ 'নাজরানা' ছবিতে বা 'হেনা', 'সিন্দুর' ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছেন আজিজ।
https://youtu.be/gK1jznx5eXc
টলিউডে তাঁর জনপ্রিয় গান 'ছোটো বউ' ছবিতে ‘জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসীর রাগও তেমন’, ‘শোনো শোনো আজ কেন মন করে গুন গুন’ হনিমুনে প্রসেনজিৎ দেবিকা মুখার্জ্জীর চিররোম্যান্টিক গান।
https://youtu.be/pm_zCf0mzSQ
গুরুদক্ষিণা ছবির ‘পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়’, 'প্রতীক'-এ তাপস পালের লিপে ‘মন ভরে যায়’, 'মঙ্গল দীপ' ছবিতে তাপসের লিপে অবিস্মরণীয় গান 'শেষ গান নয় আজ গেয়ে যাব জীবনের এই জয়গান,'
https://youtu.be/Xp7cl25D6QA
'পতি পরম গুরু'তে অনুপ কুমারের লিপে ‘আমি এ বাড়ির জামাইবাবু’ বা জয় ব্যানার্জীর লিপে ‘আমি তোমাকে ভালোবাসি’ হীরক জয়ন্তীতে। 'বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে' প্রসেনজিতের লিপে ‘অমর প্রেম’-এর বিখ্যাত গান। টি সিরিজের হিন্দি এলবামে নবাগত জিতের লিপে গেয়েছিলেন আজিজ। তখন জিত একেবারেই আনকোরা।
তাপস পাল, চিরঞ্জিত, প্রসেনজিৎ, অনুপ কুমার এমনকি ভিলেন রূপে বিখ্যাত সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের লিপে চিরহিট গান মহঃ আজিজের।
অঞ্জন চৌধুরীর ছবিতে লেজেন্ডারি সব গান মহঃ আজিজের কণ্ঠে। দিলীপ কুমার, শাম্মী কাপুর, শশী কাপুর, ধর্মেন্দ্র ,জিতেন্দ্র, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, মিঠুন, গোবিন্দা, ঋষি কাপুর, সঞ্জয় দত্ত, অনিল কাপুর, জ্যাকি শ্রফ বলিউড কিং নায়করা লিপ দিয়েছেন আজিজ-কণ্ঠে।
https://youtu.be/HSfEvVgfB30
ওড়িয়া ভজন তাঁর কণ্ঠে পুরী মন্দিরে বিশাল বিখ্যাত।
মহিলা শিল্পীদের সঙ্গে ডুয়েট বাদেও বহু পুরুষ কন্ঠশিল্পীর সঙ্গে ডুয়েট গেয়েছেন মহঃ আজিজ যেমন কিশোর কুমার, অমিত কুমার, কুমার শানু, শৈলেন্দ্র সিং প্রমুখ।
[caption id="attachment_2322664" align="aligncenter" width="490"]
কিশোর কুমারের সঙ্গে[/caption]
সবারই একটা সময় থাকে। সেরকম মহঃ আজিজের একটা যুগ ছিল। বাপ্পি লাহিড়ি, আর ডি বর্মণ সহ আরও আশির দশকের মিউজিক ডিরেক্টরদের যুগ শেষ হতে আজিজের প্লে-ব্যাকে সুযোগও কমে এল বলিউডে। মহঃ আজিজের বাজার পড়ে যায় যখন কুমার শানু, উদিত নারায়ণ প্রমুখদের যুগ শুরু হয়। তখন ধীরে ধীরে মহঃ আজিজকে পিছু হঠতে হয়। তবে তিনি পেয়েছেন মোট তিনবার BFJA-পুরস্কার, 'আশীর্বাদ' পুরস্কারেও সম্মানিত হন দু'বার, এছাড়াও তিনি পেয়েছেন 'মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার' প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং পুরস্কার তুলে দেন তাঁর হাতে। কলকাতা থেকে একমাত্র 'টেলি সিনে' সংস্থা লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার দিয়েছে মহঃ আজিজকে।
সেসময় বাংলায় ফিরে কিছু ছবিতে প্লে-ব্যাক করেছেন। প্রচারের আড়ালে চলে যান দীর্ঘকাল। মানসিক যন্ত্রণাতেও ভুগতেন ঢলতি বাজারে। প্রচুর স্টেজ শো করেই জীবন নির্বাহ করতেন মহঃ আজিজ। এই স্টেজ শো করে ফেরার পথেই একদিন অন্তিম সময় চলে এল আজিজের। ধকল সইলনা কলকাতা-বোম্বে-দিল্লী বা বিদেশ যাবার রোজ।
২০১৮ তে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুম্বইয়ে রওনা দেন তিনি। মুম্বই এয়ারপোর্টে তাঁর শরীর খারাপ শুরু হয়ে যায়৷ গত রাতে তিনি কলকাতাতে একটি অনুষ্ঠানে এসেছিলেন৷ পরদিন দুপুরে মুম্বই উড়ে যান তিনি৷ বিমানবন্দরেই তাঁর শরীর খারাপ হয়ে যায়, সেই কথা তিনি তাঁর ড্রাইভারকে জানালে, তাঁকে তড়িঘড়ি নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হন শিল্পী৷ মাত্র ৬৪ বছর বয়সে ২৭ শে নভেম্বর ২০১৮ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। থেমে যায় সুরেলা কণ্ঠ চিরদিনের মতো।
মহঃ আজিজের শোকযাত্রায় মুম্বাইতে দেখা মেলেনি কোনও নায়কের যাদের লিপে তিনি হিট গান গেয়েছেন। বলিউড প্রায় নীরবেই ভুলে গেল মানুষটাকে। টলিউড সেলেবরা তবু স্মরণ করেছিলেন সোশ্যাল সাইটে। কোনও নায়কই আজকাল আজিজের গানে পারফর্ম করলে শিল্পীর নামটা বলেননা। এমনকি যাদের লিপে তাঁর হিট প্লেব্যাক, সেসব হিরোরাও আজিজের নামটা বলেননা।
কিন্তু মুন্নার গান আজও ইউটিউবে মিলিয়ন ভিউ পায়। আজও মাইকে তাঁর গান যে কোন উৎসবেই হিট।
এক মুসলমান শিল্পীর গান আজও সমস্ত হিন্দু উৎসবে হিট। পুরীর মন্দিরে মহঃ আজিজের গাওয়া ওড়িয়া ভজন আজও ভক্তদের কাছে জনপ্রিয় ও আইকনিক।