
দুর্ঘটনার মুখোমুখি সোনু সুদের স্ত্রী
শেষ আপডেট: 25 March 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: ভয়ানক সড়ক দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা সোনু সুদের স্ত্রী সোনালী সুদ। দুমড়েমুচড়ে গেল গাড়ি। তবে তিনি সুস্থ আছেন। গায়ে আঁচড় লাগেনি এতটুকুও। আর এই পুরো ঘটনাটিই সোনুর কাছে 'দৈবকৃপা'। ছাড়া আর কিছুই নয়।
পুলিশ সূত্রে খবর, সোনালী তাঁর দিদির ছেলেকে সঙ্গে নিয়ে নাগপুরের দিকে যাচ্ছিলেন। আচমকাই এক ট্রাক এসে ধাক্কা দেয় তাঁদের চলন্ত গাড়িটিকে। গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তবে বড় বিপর্যয় থেকে রক্ষা পান সোনালী ও তাঁর সহযাত্রীরা। স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান সোনু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ও এখন ভাল আছে। বরাতজোরে বেঁচে গিয়েছে। ওম সাঁই রাম।"
লকডাউনের সময় সোনু সুদের অবদান আজও ভোলেননি ভারতবাসী। পয়সা খরচ করে নিজের টাকায় বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়েছিলেন তিনি। তাঁর এই কঠিন সময়ে সব যেন দ্রুত মিটে যায়, এমনটাই প্রার্থনা তাঁর ভক্তকুলের। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে 'ফতেহ' ছবিতে। প্যান্ডেমিকের বিভৎসতাতে নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। যদিও বক্স অফিসে হিট হয়নি ছবিটি।