একই দিনে মুক্তি পেয়েছিল অজয় দেবগনের ‘সন অফ সর্দার ২’ ও সিদ্ধার্থ চতুর্বেদীর ‘ধড়ক ২’। মুক্তির ১৩ দিনে কে এগিয়ে, কার আয় কত—জানুন বিস্তারিত।

‘সন অফ সর্দার ২’ বনাম ‘ধড়ক ২’
শেষ আপডেট: 14 August 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো: দর্শকরা অজয় দেবগনের ‘সন অফ সর্দার ২’ এবং সিদ্ধার্থ চতুর্বেদীর ‘ধড়ক ২’-এর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করলেও, সেই উত্তেজনা বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। একই দিনে মুক্তি পাওয়া এই দুই সিক্যুয়েলের মধ্যে শুরু থেকেই ছিল তীব্র প্রতিযোগিতা। তার ওপর, তখনই মোহিত সুরির ‘সাইয়ারা’ বক্স অফিসে জমিয়ে রাজত্ব করছিল।
১৪ অগস্ট থেকে মুক্তি পেয়েছে আরও দুটি বড় ছবি ‘ওয়ার ২’ ও ‘কুলি’, যা প্রতিযোগিতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ‘সন অফ সর্দার ২’ ও ‘ধড়ক ২’-এর ১৩তম দিনের আয়ের রিপোর্ট সামনে এসেছে। দেখে নেওয়া যাক কোন ছবি এগিয়ে, আর কে পিছিয়ে।
অজয় দেবগনের কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন রবি কিষাণ ও মৃণাল পান্ডে। ছবির আয়ের গ্রাফে উত্থান-পতন থাকলেও, এটি এখন পর্যন্ত ‘ধড়ক ২’-এর দ্বিগুণ আয় করেছে। ১৫০ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৭.২৫ কোটি টাকা।
স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ১৩তম দিনে ছবিটির আয় মাত্র ০.৭৫ লক্ষ টাকা। এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে এর মোট আয় দাঁড়িয়েছে ৪৫ কোটি ১২ লক্ষ টাকা।
তৃপ্তি দিমরি ও সিদ্ধার্থ চতুর্বেদীর রোম্যান্টিক ঘরানার এই ছবির বাজেট ছিল ৪৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। তবে ১৩তম দিনে আয় নেমে দাঁড়িয়েছে মাত্র ০.৫০ লক্ষ টাকায়। ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত ‘ধড়ক ২’-এর মোট আয় ২২ কোটি ২৪ লক্ষ টাকা, যা আয় ও জনপ্রিয়তার দিক থেকে ‘সন অফ সর্দার ২’-এর তুলনায় অনেকটাই পিছিয়ে।