
‘সিকন্দর’
শেষ আপডেট: 1 April 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান! ইদের ঠিক আগের দিনই বড় পর্দায় হাজির সলমন খান, সঙ্গে ৩১ বছরের ছোট রশ্মিকা মান্দানা। ৩০শে মার্চ মুক্তি পাওয়া ‘সিকন্দর’ ইতিমধ্যেই বক্স অফিসে দু'ই দিন কাটিয়ে ফেলেছে। তবে প্রত্যাশামতো সাড়া ফেলতে পারেনি এই অ্যাকশনধর্মী সিনেমা। ইদের মরসুমে কিছুটা উন্নতি দেখা গেলেও এখনও পর্যন্ত এটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি।
‘সিকন্দর’-এর বক্স অফিস রিপোর্ট কী বলছে?
Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, সোমবার ‘সিকন্দর’-এর আয় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি টাকা। এর ফলে ছবিটির মোট আয় হয়েছে ৫৫ কোটি। দ্বিতীয় দিনে আয় প্রথম দিনের চেয়ে বেশি ছিল। প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ২৬ কোটি টাকা।
সোমবার হিন্দি ভার্সনে মোট দর্শক উপস্থিতি ছিল ২১.৭৫ শতাংশ। সকালবেলার শোতে দর্শক সংখ্যা কম থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে উপস্থিতি ছিল যথাক্রমে ২৬.৭০ শতাংশ ও ৩০.১৮ শতাংশ।
তবে, সলমন খানের ‘সিকন্দর’ প্রথম দিনের আয় দিয়ে ভিকি কৌশলের ‘ছাবা’-কে হারাতে পারেনি। ‘ছাবা’ প্রথম দিনে আয় করেছিল ৩১ কোটি টাকা। এছাড়া বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ে মাত্র ৫৪ কোটি টাকা তুলেছে ‘সিকন্দর’, যা সাম্প্রতিক বছরগুলিতে সলমনের সিনেমার তুলনায় অপেক্ষাকৃত কম।
‘সিকন্দর’ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া
দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন সলমন খান। এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় সলমন ও রশ্মিকার পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সাথিয়ারাজ ও শরমন যোশী।
তবে, পর্যালোচনায় দেখা গিয়েছে, ছবির চিত্রনাট্য ও পরিচালনা খুব বেশি জমেনি দর্শকদের কাছে। সিনেমার শুরুতে সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়লেও, প্রথমার্ধে চিত্রনাট্যে যথেষ্ট গভীরতা নেই বলে মনে হয়েছে। সম্পাদনায় তাড়াহুড়ো স্পষ্ট।
বিশেষত, যেখানে সিকন্দর তিনজনকে রক্ষা করতে চায়, সেখানে রহস্যের উপাদান বাড়ানো হলে হয়তো গল্প আরও আকর্ষণীয় হতে পারত। যেমনটা দেখা গিয়েছিল সলমনেরই ‘সুলতান’ (২০১৫) ছবিতে। দ্বিতীয়ার্ধে সেই চমক থাকলে হয়তো দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারত ‘সিকন্দর’। সব মিলিয়ে, ইদের ছুটির প্রভাব থাকলেও এখনও পর্যন্ত সিনেমাটি বিশাল সাফল্য অর্জন করতে পারেনি। দেখার বিষয়, সামনের দিনগুলোতে ছবির ব্যবসা কোন দিকে মোড় নেয়!