অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ানদের মতোবিরোধের খবর কারও অজানা নয়। 'বিক্ষুব্ধ' পরিচালক অতীতে বহুবার ফেডারেশনের বেশ কিছু নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন।
.png.webp)
শেষ আপডেট: 5 June 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: এ বছরের শুরুতেই টলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থা জানিয়েছিল, প্রথম বার একসঙ্গে কাজ করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও আবীর চট্টোপাধ্যায়। পরিচালনায় থাকবেন 'ডাইনি' ওয়েব সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। ঠিক ছিল আগামী মাসেই ফ্লোরে যাবে এই ছবি। তবে এখনই এই ছবির শুটিং হচ্ছে না। কেন?
অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ানদের মতোবিরোধের খবর কারও অজানা নয়। 'বিক্ষুব্ধ' পরিচালক অতীতে বহুবার ফেডারেশনের বেশ কিছু নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন। যার ফলস্বরূপ কিছু দিন আগে অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিংও স্থগিত হয়ে গিয়েছিল। টেকনিশিয়ানদের এক বড় অংশ জানিয়ে দিয়েছিলেন তাঁরা কাজে আসবেন না! এখানেও কি ঘটতে চলেছে এমন কিছু?
দ্য ওয়াল যোগাযোগ করেছিল পরিচালক নির্ঝরের সঙ্গে। তিনি বলেন, "আমাদের অগস্ট মাসে ফ্লোরে যাওয়ার কথা ছিল। ছবির শুটিং পিছিয়েছে, এ কথা সত্যি। তবে ছবি বন্ধ হয়ে যায়নি। শুটিং নিশ্চয়ই হবে। এই মুহূর্তে আমি 'বীরাঙ্গনা'র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত আছি। সেটা মিটলে আশা করছি কাজ শুরু করতে পারব।"
প্রসঙ্গত, অনির্বাণের কাজ কিন্তু থেমে নেই। এই পুজোতেই মুক্তি পাবে দেব ও এসভিএফের যৌথ প্রযোজনা বিগ বাজেট ছবি 'রঘুডাকাত'। সেই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ। এ ছাড়াও হাতে রয়েছে 'পক্ষীরাজের ডিম'ও। ছবির পরিচালক সৌকর্য ঘোষাল।