দুই নায়িকার সঙ্গে দেখা যাবে দুই নায়ককেও। তাঁরা কারা সেই নিয়ে এখন চলছে জোর জল্পনা।

শেষ আপডেট: 15 August 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: দুই অভিনেত্রীই টেলিপর্দার জনপ্রিয় মুখ। আরাত্রিকা মাইতি (Aratrika Maity) ও শ্রুতি দাস (Shruti Das)। আরাত্রিকা এখন ভীষণ চর্চায় সামাজিক মাধ্যমে। তাঁর মুখের সঙ্গে সুচিত্রা সেনের তুলনা করেন নেট নাগরিকরা।
অন্যদিকে শ্রুতি দাস বহুদিন ছোট পর্দার থেকে দূরে। বরং বড় পর্দায় কাজ করেছেন তিনি। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত 'আমার বস' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন শ্রুতি। এবার বহুদিন পর আবার টেলিভিশনে ফিরছেন শ্রুতি দাস।

এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই নায়িকাকে। জি-বাংলায় খুব শীঘ্রই আসছে এই নতুন মেগা ধারাবাহিক। পরিচালনায় সুশান্ত দাস। দুই বোনের গল্পে নিয়ে আসছে এই মেগা।
বড় বোন নিশার চরিত্রে দেখা যাবে শ্রুতিকে, তাঁর চরিত্রে অন্য শেডে দেখা যাবে। যে কোনো উপায়ে সে কোটিপতি হতে চায়। অন্যদিকে তাঁর বোন উজি, (আরাত্রিকা মাইতি) সে চায় শিক্ষিত হয়ে সৎ পথে উপার্জন করতে। তাঁদের চরিত্রে এই মত বিরোধ ধারাবাহিকের মূল প্রেক্ষাপট।
দুই নায়িকার সঙ্গে দেখা যাবে দুই নায়ককেও। তাঁরা কারা সেই নিয়ে এখন চলছে জোর জল্পনা।
এই আসন্ন ধারাবাহিক নিয়ে শ্রুতি বলেন, 'রাঙা বউ আমার শেষ সিরিয়াল ছিল। এরপর এক বছর অনেক ধারাবাহিকে অভিনয় ছেড়েছি কারণ চরিত্র মনে ধরছিল না। পাশাপাশি ছবিতেও কাজ করেছি। কিন্তু নিশা চরিত্র পাওয়ার পর মনে হল এতদিনের অপেক্ষার ফল পেলাম।”
অন্যদিকে আরাত্রিকা জানান,'আমি কাজের মধ্যে থাকতে চাই সেটা যে মাধ্যমই হোক। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ আসেনি। মনে হয় এই চরিত্রটি মিঠিঝোরার রাইয়ের ইমেজ ভাঙতে সাহায্য করবে।'
তবে দুই নায়িকার রসায়ন কেমন জমে সেটাই এখন দেখার।