দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পেটের ক্যানসার, কিডনির সমস্যা, পেসমেকার - লাগাতার অসুখে জর্জরিত হয়ে গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।

বাসন্তী চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 12 August 2025 23:52
দ্য ওয়াল ব্যুরো: না ফেরার দেশে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পেটের ক্যানসার, কিডনির সমস্যা, পেসমেকার - লাগাতার অসুখে জর্জরিত হয়ে গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি (Passed Away)।
বাসন্তীদেবীর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। কঠিন রোগ ছাড়াও ছিল বার্ধক্যজনিত সমস্যা। কিন্তু তা সত্ত্বেও রোজ শুটিংয়ে আসতেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে। সেই সেটেই তিনি বারবার অসুস্থতার কথা বলতেন। এরপর সেই সমস্যা আরও বাড়ায় কাজ থেকে দূরে চলে যেতে হয়েছিল তাঁকে।
অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ টলি পাড়া। অভিনেত্রী মৈত্রী মিত্র দ্য ওয়াল-কে জানান, ''আমার কর্মজীবনের শুরুর থেকে আমি বাসন্তীদিকে পেয়েছিলাম। হাতে ধরে শিখিয়েছিলেন তিনি। আমি যত না বলতে পারব, ইন্ডাস্ট্রির মানুষ, এমনকী সাধারণ মানুষও বলতে পারবেন যে তিনি কতটা সাবলীল অভিনেত্রী ছিলেন, কতটা স্নেহ ছিল তাঁর মধ্যে।'' তিনি আরও বলেন, ''বাসন্তীদি যা কষ্ট পেয়েছেন সেটার তিনি যোগ্য নন।''
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় জানান, ''খবরটা পেয়ে তো খারাপ লাগছেই। তবে আমি ভাবছি উনি মুক্তি পেলেন। ভীষণ কষ্ট পাচ্ছিলেন। গত ৬ মাস ধরে শয্যাশায়ী ছিলেন। কোথাও যেতে বা উঠতে পর্যন্ত পারছিলেন না। এভাবে তো বেঁচে থাকাই মুশকিল।'' প্রসঙ্গত, বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিক ভাবে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছিলেন অভিনেতা।
অসুস্থ থাকার সময় প্রয়াত অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। সে সময়ে কেঁদে ফেলেছিলেন তিনি। তথ্য বলছে, প্রতি মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খেতেন বাসন্তীদেবী। সঙ্গে আসত মোট ৪৫০০ টাকার ইনজেকশন। বিগত ৬ মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি।