ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে লতা মঙ্গেশকরের একাধিক পুরনো ছবি শেয়ার করেন শ্রেয়া। ছবিগুলির মধ্যে ছিল লতা মঙ্গেশকরের শৈশব ও যৌবনের কিছু মুহূর্ত, পাশাপাশি শেয়ার করেন নিজের সঙ্গে তোলা একটি ছবিও।

শেষ আপডেট: 7 February 2026 18:32
দ্য ওয়াল ব্যুরো: তিনি নেই, তারিখটা চোখে পড়লেই যেন মনে পড়ে। কারণ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) সকলের মনে চিরতরে জায়গা করে নিয়েছেন। আজ তাঁর প্রয়াণের চার বছর পূর্ণ হল। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি পারি দেন না-ফেরার দেশে। এই মন খারাপের দিনে প্রয়াত শিল্পীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা নিবেদন করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল (shreya Ghoshal)।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে লতা মঙ্গেশকরের একাধিক পুরনো ছবি শেয়ার করেন শ্রেয়া। ছবিগুলির মধ্যে ছিল লতা মঙ্গেশকরের শৈশব ও যৌবনের কিছু মুহূর্ত, পাশাপাশি শেয়ার করেন নিজের সঙ্গে তোলা একটি ছবিও। এই ছবিগুলির সঙ্গে শ্রেয়া লেখেন, লতা মঙ্গেশকরের কণ্ঠই তাঁর জীবনের প্রথম শিক্ষক ছিল এবং আজও তাঁর গানের পথচলার মূল অনুপ্রেরণা হয়ে রয়েছে।
পোস্টে শ্রেয়া লেখেন, তিনি যা গানই গান না কেন, তাতে লতা মঙ্গেশকরের আশীর্বাদ অনুভব করেন। তাঁর মতে, লতা মঙ্গেশকরের গায়কীর সৌন্দর্য, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধই তাঁকে অন্য স্তরে পৌঁছে দিয়েছিল। সেই আদর্শই আজও তাঁকে পথ দেখায় বলে উল্লেখ করেন শ্রেয়া।
শ্রেয়া আরও জানান, সঙ্গীতের প্রতি দৃষ্টিভঙ্গি, সুরের গভীরতা এবং মানুষের প্রতি যে ভালবাসা লতা মঙ্গেশকর সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। তাঁর কথায়, প্রতিটি গানের মধ্যেই লতা মঙ্গেশকর আজও বেঁচে আছেন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের পর একাধিক শারীরিক জটিলতায় ভুগে প্রয়াত হন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মুম্বইয়ের শিবাজী পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছিল তাঁর শেষকৃত্য। ভারতীয় সঙ্গীতজগতে তিনি ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’ নামে পরিচিত ছিলেন।