স্কোয়ার ইয়ার্ডস-এর পেশ করা নথিপত্র অনুযায়ী, এই ফ্ল্যাটটির দাম কিন্তু নেহাত কম কিছু নয়, একেবারে আকাশছোঁয়া।

শ্রেয়া ঘোষাল
শেষ আপডেট: 8 April 2026 16:47
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুরের জাদুকরী শ্রেয়া ঘোষাল এবার নিজের স্বপ্নের বাড়ি কিনলেন মুম্বইয়ের বুকে (Shreya Ghoshal New House Mumbai)। আরব সাগরের তীরে শহরের অন্যতম অভিজাত এলাকা ওরলি-তে (Worli) নতুন একটি বিলাসবহুল ফ্ল্যাটটি ঠিকানা হতে চলেছে গায়িকার।
সূত্র বলছে, শ্রেয়া এই সম্পত্তিটি একা কেনেননি। বাবা বিশ্বজিৎ ঘোষাল ও মা শর্মিষ্ঠা ঘোষালের সঙ্গে যৌথভাবে এই সম্পত্তিটি কিনেছেন তিনি। স্কোয়ার ইয়ার্ডস-এর পেশ করা নথিপত্র অনুযায়ী, এই ফ্ল্যাটটির দাম কিন্তু নেহাত কম কিছু নয়, একেবারে আকাশছোঁয়া। ওরলির বিখ্যাত আবাসন ‘গোদরেজ ট্রিলজি’-তে (Godrej Trilogy Worli Shreya Ghosal flat) এই ফ্ল্যাটটি প্রায় ২৯.৭০ কোটি টাকা (Shreya Ghoshal Mumbai Flat Price)।
শুধু বড় বলাই ভুল, ফ্ল্যাটটি রীতিমতো বিশাল। এর কার্পেট এরিয়া প্রায় ২,৪৩০ বর্গফুট এবং সুপার বিল্ট-আপ এলাকা ২,৭৫০ বর্গফুট। এছাড়া থাকছে তিনটি আলাদা গাড়ি পার্কিংয়ের জায়গা।
২০২৬ সালের ১ এপ্রিল এই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন বা নথিভুক্তিকরণের কাজ সারা হয়েছে। সরকারি কর দিতেও বড় অঙ্কের টাকা খরচ করেছেন শ্রেয়া। জানা গিয়েছে, ১.৭৮ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন গায়িকা।
রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে শুরু করে ‘দেবদাস’-এর সেই কালজয়ী গান - তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে। সুরের সরণি ধরে একের পর এক সাফল্য এসে ধরা দিয়েছে তাঁর কাছে। এই দীর্ঘ লড়াই আজ তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। মুম্বইয়ের এই নতুন বিলাসবহুল ঠিকানা তাঁর সেই পরিশ্রমেরই ফসল।