_0.jpeg.webp)
শেষ আপডেট: 5 November 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: স্বামী উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তা সত্ত্বেও শ্রীময়ী চট্টরাজ আবেদন জানিয়েছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর জন্য! কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এক পোস্ট ঘিরেই গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এই বিতর্কে ইতিমধ্যেই মুখ খুলেছেন শ্রীময়ী। জানিয়েছেন, কাঞ্চনকে বিয়েই আগেই রাজ্য সরকার ওই প্রকল্পের জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। এবার সামাজিক মাধ্যমে লিখলেন, "উত্তর দিতে বাধ্য নই"। শুধু তাই নয়, এ দিন দ্য ওয়ালের ফোনেও তিনি বলেন, "যা করেছি বেশ করেছি, এ নিয়ে কিছু বলব না।"
পাশাপাশি আজ, বুধবার দুপুরে কাঞ্চন-পত্নী সামাজিক মাধ্যমেও লেখেন, "আমি লক্ষ্মীভাণ্ডার নিয়ে কোনও মিডিয়াকে উত্তর দেব না। তাই দয়া করে আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না। আমি অন্য কোনও দলের লোকেদের কথা শুনতে বাধ্য নই। আর কাউকে উত্তর দিতেও বাধ্য নই। যারা বলছেন ভুলভাল কথা তাঁদের অনেক সময় আছে। তাঁরাই উত্তর দিক। আমার সময় নেই এই নিয়ে কথা বলার, দয়া করে বিরক্ত করবেন না।"

গতকাল অর্থাৎ মঙ্গলবার শ্রীময়ী দাবি করেন, ২০১৮ সালে তিনি ওই প্রকল্পের জন্য দাবি করেছিলেন। সুকান্তের পোস্টের পাল্টা প্রশ্ন তুলেছিলেন, "তখন কি আমি জানতাম কাঞ্চন বিধায়ক হবে বা ওর সঙ্গে আমার বিয়ে হবে?" টাকা কি পেয়েছিলেন? শ্রীময়ীর দাবি, তিনি পাননি। পাল্টা তিনি দাবি করেন, "কোথায় লেখা আছে, বিধায়কের স্ত্রী হলে কোনও সুবিধা পাওয়া যাবে না। একটু খোঁজ নিলে দেখা যাবে, অনেক অভিনেত্রী আছেন যাঁরা বিজেপি দলের সঙ্গে যুক্ত, তাঁরাও হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বাস্থ্যসাথী কার্ড খোঁজেন।"
যদিও তরজা থামছে না। সুকান্ত মজুমদার তাঁর পোস্টে এও লিখেছেন, "সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে।" জানিয়ে রাখা যাক, কন্যাসন্তান জন্মের সময় বিল বিতর্কে জড়িয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। প্রাইভেট হাসপাতালের বিল দাঁড়িয়েছিল ৬ লক্ষ টাকা। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হয়েছিল। সেই বিতর্ক চাপা পড়তে না পড়তেই ফের নতুন বিতর্কের জড়ালেন কাঞ্চন-শ্রীময়ী। ২৬-এর নির্বাচনের আগে জল গড়ায় কতদূর, এখন সেটাই দেখার।