
শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা
শেষ আপডেট: 14 June 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: ফের আইনি বিপাকে জড়ালেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। তারকা দম্পতির বিরুদ্ধে এবার স্বর্ণ যোজনায় প্রতারণার অভিযোগ উঠেছে। শিল্পা ও রাজের বিরুদ্ধে বড়সড় জালিয়াতির অভিযোগ তুলেছেন মুম্বইয়ের বিশিষ্ট স্বর্ণব্যবসায়ী পৃথ্বীরাজ সরেমাল কোঠারি। ইতিমধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। মুম্বই দায়রা আদালত বলিউড দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।
আইপিএল বেটিং, অশ্লীল ছবি, বিটকয়েন জালিয়াতি মামলার পর এবার ঠিক কোন অপরাধে ফেঁসেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা? পুলিশ সূত্রের খবর, শিল্পা ও রাজ সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। ২০১৪ সালে সংশ্লিষ্ট কোম্পানির অধীনে তাঁরা একটি স্কিম শুরু করেন। যেখানে বলা হয়, সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীরা বড় অঙ্কের লাভ পাবেন। শুধু তাই নয়, মেয়াদ শেষে সোনার বাজারমূল্য বাড়ুক বা কমুক, যাই হোক না কেন, সেই টাকাতেই সোনা ফেরত দেওয়া হবে।
পৃথ্বীরাজের অভিযোগ, মূলত শিল্পা, রাজ ও তাঁদের সহযোগীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই আর পাঁচজনের মতো তিনিও এই স্কিমে বিনিয়োগ করেছিলেন। তাঁর দাবি, তিনি শিল্পা এবং রাজের সঙ্গে দেখা করে এই বিষয়ে বিশদে আলোচনা করেছিলেন। তাঁরা সময়মতো সোনা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। উভয়ের আশ্বাসে পৃথ্বীরাজ এই স্কিমে প্রায় ৯০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু ৫ বছর পরে শিল্পা এবং রাজের কোম্পানি প্রতিশ্রুতি পূরণ করেনি।
পৃথ্বীরাজ সরেমাল কোঠারির অভিযোগ, এই স্কিম অনুসারে ২০১৯ সালের ২ এপ্রিল ৫ বছর পূর্ণ হলে তাঁকে ৫০০০ গ্রাম ২৪-ক্যারেট সোনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু টাকা অগ্রিম দেওয়া সত্ত্বেও সোনা পাননি তিনি। এমনকী তিনি যে মিথ্যে দাবি করছেন না তার প্রমাণ স্বরূপ পৃথ্বীরাজ শিল্পার সই করা একটি কভারিং লেটার এবং 'সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড'-এর পক্ষ থেকে দেওয়া একটি চালান সহ আরও বিভিন্ন নথিপত্র সামনে এনেছেন।
পৃথ্বীরাজ সরেমাল কোঠারি জানান, বিনিয়োগ করার সময়ে শিল্পা শেট্টি এবং রাজ নিরাপদে বিনিয়োগের উৎসাহ জুগিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা না হওয়ায় তিনি মুম্বই পুলিশকে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে মুম্বই দায়রা আদালত অভিযোগ প্রমাণিত হলে শিল্পা-রাজের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারক এনপি মেহতা।