
শেষ আপডেট: 13 October 2023 16:24
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভারত-বাংলাদেশ দু'দেশেই মুক্তি পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: একটি জাতির রূপকার'। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। বিগত চার বছর ধরে শ্যুটিং চলার পর অবশেষে এই ছবি শুক্রবারে মুক্তির আলো দেখল।
সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা আরিফিন শুভ। মুজিবুর রহমানের স্ত্রীর ভূমিকায় রয়েছেন নুসরত ইমরোজ তিশা। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়া এবং বাবার ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি বঙ্গবন্ধুর এই বায়োপিক। ২০১৯ সাল থেকে মুম্বইয়ে ছবির শ্যুটিং শুরু হয়। সেখানেই ৮০ ভাগ কাজ হয়েছে। বাকি ২০ শতাংশ দৃশ্যের শ্যুটিং হয়েছে বাংলাদেশের তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর-সহ ঢাকার বেশ কিছু এলাকা এবং গোপালগঞ্জে।
এই সিনেমা প্রসঙ্গে পরিচালক শ্যাম বেনেগাল বলেন, "বঙ্গবন্ধুর জীবনের গল্প বড়পর্দায় ফুটিয়ে তোলা বেশ কঠিন। ওঁর জীবনের মতই আপোষহীনভাবে চরিত্রটিকে আমি নির্মাণ করেছি। আশা করি, ছবিটি সকলের ভাল লাগবে।"
View this post on Instagram
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী, নুসরত ফারিয়ারাও। অভিনেত্রী লিখেছেন, এরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে খুব লাকি মনে হচ্ছে। এমন সুযোগ ভবিষ্যতে আর পাবো না হয়তো। তাই সত্যিই পুরো বিষয়টা আমার কাছে স্বপ্নের মতো এখনও।