
শেষ আপডেট: 10 April 2023 09:41
দ্য ওয়াল ব্যুরো: রাস্তাঘাটে কমবেশি বহু নারীই যৌন হেনস্থার শিকার হয়েছেন কখনও না কখনও। এঁদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সবাই রয়েছেন। অনেকেই সেই দুঃসহ স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করেন। আবার কেউ কেউ সারাজীবন তা সঙ্গে বয়ে নিয়ে বেড়ান। এবার সেই অন্ধকার সময়ের কথা সবার সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী শেফালি শাহ (Shefali Shah)। এক অনুষ্ঠানে এসে তিনি জানালেন, বাজারে (market) গিয়ে তাঁকেও যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল।
সম্প্রতি শেফালি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ২০০১ সালে মুক্তি পাওয়া 'মনসুন ওয়েডিং' ছবিতে তাঁর অভিনয় নিয়ে কথা বলছিলেন তিনি। যে ছবিতে রিয়া বর্মা নামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি। গল্প অনুযায়ী, শৈশবেই যৌন নির্যাতনের শিকার হয়েছিল সেই চরিত্র। এই অনুষ্ঠানে রিয়া হয়ে ওঠার ওই প্রস্তুতির কথা বলতে গিয়েই নিজের জীবনের সেই দুঃসহ ঘটনার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
শেফালি বললেন, 'আমি জানি সবাই কোনও না কোনও সময় এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। আমার সঙ্গেও এমনটা হয়েছিল। লজ্জায় কোনওদিন সে কথা জানাইনি। এবার জানাচ্ছি। বাজারের মধ্যে হাঁটছিলাম। খুব ভিড়ের মধ্যে হঠাৎ কেউ আমায় আপত্তিকরভাবে ছুঁয়েছিল। সেইসময় কী যে খারাপ লেগেছিল। ওই ঘটনার কথা ভুলে যেতে চাই।'
উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পাওয়া 'মনসুন ওয়েডিং' আন্তর্জাতিক মঞ্চেও তুমুল প্রশংসিত হয়েছিল। কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল শেফালি অভিনীত এই ছবি। গতবছর 'জলসা', 'ডার্লিংস', ‘ডক্টর জি’র মতো একাধিক ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এরমধ্যে 'জলসা'য় অভিনয় করে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন।
ফুলের গাজরার স্কার্ট, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত! রমজানেও বিচিত্র পোশাকে ট্রোলড উরফি