
অভিনেত্রী শর্মিলা ঠাকুর
শেষ আপডেট: 15 April 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আত্মপ্রকাশ করতেই ঝড়ের মুখে ইব্রাহিম আলি খান। নেটমাধ্যমে তাঁকে নিয়ে চলছে ‘নেপো কিড’ বিতর্ক। একের পর এক কটাক্ষ, মিম, ব্যঙ্গ—তারকাপুত্রের ‘নাদানিয়া’ হয়ে উঠেছে সমালোচনার ক্যানভাস। কিন্তু সব থেকে বড় আঘাতটা যেন এল ঘরের লোকের কাছ থেকেই। নেটিজেনদের পর এবার ইব্রাহিমের প্রথম ছবিকে ‘অসফল’ বলে মনে করলেন তাঁর ঠাকুমা, কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নাদানিয়া’ ছবির মাধ্যমে রুপালি দুনিয়ায় পা রেখেছেন ইব্রাহিম ও খুশি কাপুর। তরুণ প্রজন্মের এই তারকাসন্তানদের প্রতি প্রথম থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে। তবে ছবি মুক্তির পর সেই কৌতূহল অনেকের কাছেই পরিণত হয়েছে হতাশায়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিনয় ও গল্প দুটোই হয়েছে কড়া সমালোচনার শিকার। কেউ বলেছেন, “নেপো কিডদের জন্যই ট্যালেন্টেডদের জায়গা মেলে না।” কেউবা লিখেছেন, “লুক তো আছে, কিন্তু স্ক্রিন প্রেজেন্স কোথায়?”
আর এই বিতর্কের মাঝেই নতুন ছবি ‘পুরাতন’-এর প্রচারে এসে শর্মিলা ঠাকুর জানিয়ে দিলেন নিজের মনোভাব—খুব স্পষ্টভাবে। সাংবাদিকরা যখন ‘নাদানিয়া’ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান, ঠাকুমা শর্মিলা বলেন, “ছবিটি একদম ভাল হয়নি। যদিও ইব্রাহিমকে দেখতে ভাল লেগেছে। ওর মধ্যে চেষ্টা ছিল, কিন্তু তবু বলব—ছবিটা ভাল হওয়া উচিত ছিল, হয়নি।”
এই মন্তব্যে ফুটে উঠেছে একসঙ্গে মমতা ও পেশাদার সততা। নাতির প্রতি ভালোবাসা আছে, কিন্তু সিনেমার মাপকাঠিতে তিনি কোনও আপস করতে নারাজ। তবে শুধু ইব্রাহিম নয়, নাতনি সারা আলি খান নিয়েও মুখ খোলেন শর্মিলা। তিনি বলেন, “সারা ভাল কাজ করছে। ওর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি ও নিজের যোগ্যতায় আরও অনেক দূর যাবে।”
এদিকে কিছুদিন আগেই পিসি সোহা আলি খান মুখ খুলেছিলেন ভাইপো ইব্রাহিমের সমালোচনা নিয়ে। সাফ বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে চামড়া মোটা করতে হয়। সমালোচনায় কান দিলে চলবে না। কিন্তু... মাঝে মাঝে কিছু মন্তব্য শোনা দরকার। কাজের গঠনমূলক সমালোচনা না হলে উন্নতি নেই।” সোহা যেমন এক দিদির মতো পরামর্শ দিলেন, তেমনই শর্মিলা ঠাকুর এক ঠাকুমার মতো একটু কড়া বাস্তবটা সামনে এনে দিলেন—যেখানে সিনেমা মানেই মায়া নয়, কখনও সেটা কড়াও হয়ে ওঠে।