বলিউডে 'রং দে বসন্তী' থেকে ‘থ্রি ইডিয়টস’—একাধিক হিট ছবিতে অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন শরমন জোশী।

শরমন জোশী
শেষ আপডেট: 25 July 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে 'রং দে বসন্তী' থেকে ‘থ্রি ইডিয়টস’—একাধিক হিট ছবিতে অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন শরমন জোশী। এবার নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন তিনি। প্রথমবার পা রাখছেন টলিউডে। বাংলার ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
শরমনের বিপরীতে দেখা যাবে তরুণী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গ’-এর মাধ্যমে ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার আরও বড় পরিসরে, বলিউড তারকার সঙ্গে জুটি বেঁধে স্ক্রিনে আসছেন সুস্মিতা।
নতুন এই বাংলা ছবির নাম 'ভালবাসার মরসুম', পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এন রাজ। প্রযোজনায় মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। ছবিতে উঠে আসবে প্রেম, বন্ধুত্ব এবং বাংলার আবেগের এক মোহময় মিশেল। একদিকে কলেজের দিনগুলির বন্ধুত্ব, অন্যদিকে দাম্পত্য জীবনের টানাপোড়েন—দুয়ের মেলবন্ধন দেখা যাবে গল্পে।
শুধু সুস্মিতা-শরমন নয়, এই ছবির আর এক চমক খাইরুল বাসার। তিনিও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। দার্জিলিং, মুর্শিদাবাদে শ্যুটিং শুরু হবে। চরিত্রের খাতিরে শরমন বাংলা শেখাও শুরু করেছেন।