
শেষ আপডেট: 7 October 2023 15:58
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্পর্কে অনেকেই অভিযোগ করেন যে এই চ্যানেলগুলিতে নাকি অভিনব অথচ শিক্ষামূলক কোনও অনুষ্ঠান আজকাল আর হয় না। তবে সেই বদনামকে অনেকটাই ঘুচিয়ে দিতে পেরেছে যে রিয়্যালিটি শো, তার নাম শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। ২০২১ সালে প্রথমবার ভারতীয় টেলিভিশনে এই অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল জনপ্রিয়তা লাভ করে ফেলেছিল। ইতিমধ্যেই ২টি সিজন সম্প্রচারিত হয়ে গিয়েছে। চলতি বছরের শেষের দিকেই আসতে চলেছে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার ৩ নম্বর সিজন।
শার্ক ট্যাঙ্ক আসলে একটি উদ্যোগপতিদের রিয়্যালিটি শো। এখানে প্রতিযোগীরা এসে বিভিন্ন ধরনের অভিনব ব্যবসার ভাবনা বর্ণনা করেন বিচারকদের সামনে। সেই ব্যবসা লাভজনক মনে হলে বিচারকরা তাঁদের অর্থ বিনিয়োগ করতে রাজি হন সেই ব্যবসার উপর। ২০০৯ সালে আমেরিকায় প্রথম শার্ক ট্যাঙ্ক নামে এই অভিনব রিয়্যালিটি শো-টি শুরু হয়। এরপর সারা পৃথিবীতে বহু দেশে এই টিভি সিরিজটি সম্প্রচারিত হয়। ভারতে ২০২১ সালে যখন থেকে শার্ক ট্যাঙ্ক শুরু হয় তারপর থেকেই সাধারণ মানুষ যেমন নতুন নতুন ব্যবসার নানা উপায় জানতে পারেন, তেমনই জনপ্রিয় হয়ে ওঠেন এই শো-এর বিচারকরাও।