
শেষ আপডেট: 21 October 2022 09:02
দ্য ওয়াল ব্যুরো: বছরখানেক আগে এক সাক্ষাৎকারে শাম্মি কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ৬০-৭০ এর বলিউড হার্টথ্রব মুমতাজ। তাঁদের দুজনের প্রেম নিয়ে একসময় তোলপাড় পড়ে গেছিল বম্বের সিনে ম্যাগাজিনগুলোয়। 'ব্রহ্মচারী'র শ্যুটিং ফ্লোটে আলাপ দুজনের। প্রথম আলাপেই মুমতাজের প্রেমে পড়ে যান 'রাজকুমার'-এর অভিনেতা। এগিয়েছিল বিয়ের কথাবার্তাও। তারপর হঠাৎই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন মুমতাজ। কেন এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন ৭০-এর দশকের গ্ল্যামার গার্ল? সেসব কথা বলতে গিয়ে অভিনেতার মৃত্যুর দশ বছর পরেও আবেগে ভাসলেন নায়িকা। স্পষ্ট করেই জানালেন, শাম্মির (Shammi Kapoor) মতো ভালবেসে আগলে রাখেনি কেউ।

আদ্যন্ত রঙিন মানুষ ছিলেন শাম্মি কাপুর (Shammi Kapoor)। প্রেমে পড়েছেন বারবার। বিচ্ছেদও এসেছে নানা চেহারায়। স্কুল জীবনে মুগ্ধ হয়েছিলেন দাদা রাজ কাপুরের সহনায়িকা নার্গিসকে দেখে৷ পরে অভিনয় করতে এসে জড়িয়ে পড়েন নূতনের সঙ্গে। দুজনেরই কম বয়স তখন। নাছোড় প্রেম ভেঙেও যায় খুব তাড়াতাড়ি। এর কিছুদিন পরে নৌসেনার এক লেফটেন্যান্ট কম্যান্ডারকে বিয়ে করেন 'সওদাগর'এর নায়িকা। বিচ্ছেদের প্রাথমিক আঘাত সামনে শাম্মিও ততদিনে ঘর বেঁধেছেন গীতা বালির সঙ্গে।

'মিস কোকা কোলা' ছবিতে কাজ করার সুবাদে গীতার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল শাম্মির। সেই আলাপ বন্ধুত্ব পার করে গড়াল প্রেমের পথে। সেটা ১৯৫১ সাল। 'বাজি' ছবির শ্যুটিং চলছে। মূল চরিত্রে দেব আনন্দ আর গীতা। শ্যুটিং সেটে সেসময় না কি প্রায়ই হানা দিতেন শাম্মি। উদ্দেশ্য আর কিছুই নয়, গীতাকে প্রেম প্রস্তাব দেওয়া। তবে শাম্মিকে অবাক করে তাঁর সেই প্রস্তাব একাধিকবার নাকচ করেন গীতা। নয় নয় করে টানা চারবছর মেলামেশা করার পর শাম্মির প্রস্তাবে সাড়া দিয়েছিলেন গীতা। অবশ্য শর্তও ছিল। বিনা প্রশ্নে তক্ষুনি বিয়ে করতে হবে তাঁকে! নাহ, সেদিন প্রেমিকার ইচ্ছে অপূর্ণ রাখেননি 'জংলি'র নায়ক। শোনা যায়, বিয়ের সময় তাড়াহুড়োয় সিঁদুরের অভাব পূরণ করতে গীতার কাছ থেকে তাঁর লাল লিপস্টিকটাই চেয়ে নিয়েছিলেন শাম্মি (Shammi Kapoor)।

মাত্র দশ বছরের দাম্পত্য জীবন। স্মলপক্সে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছরে চলে গেলেন গীতা। স্ত্রীর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি শাম্মি। শোকের ধাক্কা সামলাতে বেপরোয়া হয়ে ওঠেন। এই সময়ই শাম্মির জীবনে আসে ১৭ বছরের ঝকঝকে সুন্দরী মুমতাজ। শাম্মি নিজে তখন প্রায় চল্লিশের কোঠায়। ১৮ বছরের ব্যবধান, তবু প্রেমের জোয়ারে সেদিন ভেসে গেছিল সব। কিন্তু বিয়ের আগে বাদ সাধলেন অভিনেতা নিজেই। শর্ত দিলেন, অভিনয় ছেড়ে গৃহবধূ হতে হবে মুমতাজকে। আগের পক্ষের ছেলেমেয়েদের মা হয়ে উঠতে হবে। কেরিয়ারের মধ্যগগনে প্রেমিকের এমন অদ্ভুত দাবি স্তম্ভিত করলেও 'বাবা' হিসাবে শাম্মির এই চাওয়ায় আজ কোনও দোষ দেখেন না মুমতাজ নিজেও।