এই ভিডিও দেখে আবেগতাড়িত অনুরাগীরা। কেউ লিখেছেন, “শাহরুখ খান মানেই কঠোর পরিশ্রম আর সাফল্যের প্রতীক।” আর কেউ বলেছেন, “বলিউডে বহিরাগত হিসেবে যিনি পা রেখেছিলেন, তিনিই আজ বিশ্বের সবচেয়ে বড় তারকা।”

শাহরুখ খান
শেষ আপডেট: 15 July 2025 21:13
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের দীর্ঘ কেরিয়ার এবং স্টারডম এবার উদযাপিত হল এক নতুন বিজ্ঞাপনে। যেখানে তাঁর সঙ্গে থাকলেন মেরি কম, জাসপ্রিত বুমরাহ এবং এ আর রহমানের মতো দেশের গর্বেরা। পুরনো ও নতুন ফুটেজ মিলিয়ে তৈরি এই বিজ্ঞাপন ঘিরে এখনই উত্তেজনা তুঙ্গে।
জোম্যাটোর এই নতুন বিজ্ঞাপনে কিং খানকে দেখা গিয়েছে একটি ঝাড়বাতির নীচে সিংহাসনে বসে থাকতে। তাঁকে ঘিরে থাকা টিভি স্ক্রিনে ভেসে উঠছে তাঁর আইকনিক ছবিগুলোর দৃশ্য—চেনা ফ্রেমে ধরা পড়েছে 'চক দে ইন্ডিয়া', 'ডিডিএলজে', 'অশোকা'-সহ একাধিক সিনেমার মুহূর্ত। আছে পুরনো সাক্ষাৎকারের অংশও, যেখানে শাহরুখ বলেন, “আপনার মধ্যে আলাদা কিছু থাকার দরকার নেই। কঠোর পরিশ্রমটাই আপনাকে আলাদা করে তোলে।”
বিজ্ঞাপনে রয়েছে শুটিংয়ের নেপথ্যের কিছু দৃশ্য, যেগুলিতে কখনও তাঁকে স্টান্ট করতে দেখা যাচ্ছে, কখনও বা শরীরচর্চা করতে। এমনকি মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশে তাঁর চেনা ‘ফ্লাইং কিস’ দেওয়ার দৃশ্যও স্থান পেয়েছে বিজ্ঞাপনে। সেখানে লেখা হয়েছে—“ক্ষুধা আপনাকে এই জায়গায় পৌঁছে দিতে পারে।”
এই ভিডিও দেখে আবেগতাড়িত অনুরাগীরা। কেউ লিখেছেন, “শাহরুখ খান মানেই কঠোর পরিশ্রম আর সাফল্যের প্রতীক।” আর কেউ বলেছেন, “বলিউডে বহিরাগত হিসেবে যিনি পা রেখেছিলেন, তিনিই আজ বিশ্বের সবচেয়ে বড় তারকা।”
বিজ্ঞাপনটিতে তাঁর সংলাপ না থাকায় কিছু ভক্ত আক্ষেপ করলেও, অধিকাংশই বলেছেন—এই চুপ করে থেকেও তিনি যেন আরও বেশি করে বললেন নিজের কথা।
প্রসঙ্গত, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-তে দেখা গিয়েছিল শাহরুখকে। সামনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে আবারও বড় পর্দায় ফিরবেন তিনি, যেখানে থাকছেন মেয়ে সুহানা খান-সহ দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত, রানি মুখার্জি, অভয় ভার্মা ও অভিষেক বচ্চন।