দুবাইয়ের এক অনুষ্ঠানে ‘ওম শান্তি ওম’-এর আইকনিক সংলাপ বলতেই উত্তেজনায় ফেটে পড়ল ৬ হাজার দর্শক।

শাহরুখ খান
শেষ আপডেট: 10 December 2025 21:11
দ্য ওয়াল ব্যুরো: তিনি যখন সংলাপ বলেন, তখন তা শুধু পর্দা নয়, অনুরাগীদের হৃদয়েও ঝড় তোলে। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ, সবেতেই তিনি রাজা। এবার দুবাইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে আবারও দেখা গেল সেই জাদু। নিজেরই সুপারহিট ছবি ওম শান্তি ওম–এর আইকনিক সংলাপ বলতেই মুহূর্তে হইহই করে উঠল হলভর্তি দর্শক। আরও একবার প্রমাণ হল, শাহরুখ নামের ম্যাজিকের কোনও সীমা নেই।
দুবাই এক্সিবিশন সেন্টারের মঞ্চে সেদিন উপস্থিত ছিলেন ৬ হাজারেরও বেশি মানুষ। একটি রিয়েল এস্টেট প্রজেক্ট প্রমোশনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি। কিন্তু শাহরুখ সেখানে পৌঁছাতেই সবকিছু বদলে গেল, মঞ্চ যেন রাতারাতি কনসার্টের রূপ নিল।
তাঁর মুখে শোনা গেল কিংবদন্তি সংলাপ, “ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমহে পানে কি কোশিশ কি হ্যায়, কি হর জাররা মুজহে তুমহে মিলানে কি সাজিশ কি হ্যায়।" সংলাপ শেষ হতেই দর্শকমঞ্চে উন্মাদনা তুঙ্গে।
তাঁর অনুরাগীদের উদ্দেশে ছিল এক বার্তা, “আমাকে এক তারকা করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ।” এই কথার পরই চিৎকারে ফেটে পড়ে গোটা হল। এরপর ‘পাঠান’ ছবির জনপ্রিয় গান ঝুমে জো পাঠান-এ নাচ করলেন বাদশা। নিখুঁত স্টেপিং ও তাঁর স্বতঃস্ফূর্ত পারফরম্যান্সের সামনে মুগ্ধ হয়ে গেলেন হাজারো দর্শক।
অনুষ্ঠানে নিজের জীবনের মন্ত্রও শোনালেন তিনি, “আমি ঈশ্বরে গভীরভাবে বিশ্বাসী। আমার জীবনের আসল থিম হল হার্ড ওয়ার্ক।”
SRK Performing On Jhoome Jo Pathaan At @danubeprop event In Dubai🇦🇪#SRK #Shahrukhkhan #dubai pic.twitter.com/xd8Q9MfKBJ
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) December 9, 2025
উল্লেখযোগ্যভাবে, এবছর শাহরুখ খানের কোনও নতুন ছবি মুক্তি না পেলেও ২০২৫ সাল নিঃসন্দেহে তাঁর অর্জনেই ভরপুর। তিন দশকের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। আবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট, নিউ ইয়র্কের মেট গালাতে অংশ নিয়েছেন, যার সুবাদে নিউ ইয়র্ক টাইমস–এর সেরা একশো ফ্যাশনিস্তাদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন।
এছাড়া আর্থিক দিক থেকেও নতুন ইতিহাস তৈরি করেছেন বাদশা। তাঁর সম্পত্তি প্রথমবার ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়েছে, এবং বিশ্বের ধনকুবেরদের তালিকায় যোগ হয়েছে তাঁর নাম।
এখন অনুরাগীদের নজর আগামী বছরে মুক্তি পেতে চলা তাঁর ছবি কিং–এর দিকে। প্রি-টিজার প্রকাশের পরই নেটদুনিয়ায় ঝড় তুলেছিল এই ছবি। শোনা যায়, মুক্তির প্রস্তুতিতে টানা দু’দিন না ঘুমিয়ে কাজ করেছিলেন শাহরুখ। সে কারণেই হয়তো তিনি অকপটে বলেন, হার্ড ওয়ার্কই তাঁর একমাত্র মন্ত্র।