
শাহরুখ-গৌরীর ছোট ছেলে আব্রাম খান
শেষ আপডেট: 23 September 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ-গৌরীর ছোট ছেলে আব্রাম খান। দেখতে দেখতে ১১ বছরে পা রেখেছে ফুটফুটে আদরের একরত্তি। স্টেডিয়ামে একদম ছোট্ট থেকে বাবার হাত ধরে ম্যাচ দেখতে যেত সে। দর্শকদের নজর কাড়তে পারদর্শী ছিল আব্রাম। এদিকে বাবার চোখের মণি, বড় হয়ে গেলেও সব সময়ে শাহরুখের সঙ্গেই দেখা যায় তাকে।
শাহরুখ নিজে মুসলিম আর স্ত্রী হিন্দু। তারপরেও কেন ছোট ছেলের নাম আব্রাম রাখা হয়েছে, তা নিয়ে সব সময়ই কৌতুহল নেটিজেনদের মনে। এবার তারই উত্তর দিলেন কিং খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আব্রাম নামের আসল অর্থ জানিয়ে দিলেন।
ছেলের নাম আব্রাম কেন দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন করতেই শাহরুখ বলেন, 'আব্রামের নামের অর্থ অত সহজে বোঝা সম্ভব নয়। এতে ইহুদিদের আরাধ্য আব্রাহামও রয়েছেন, আবার হিন্দুদের রামও। তাই আমি এই নামটাই বেছে নিয়েছি ছেলের জন্য।'
এবিষয়ে বলিউড বাদশা আরও বলেন, 'ইসলাম ধর্ম হজরত ইব্রাহিম আব্রাহাম নামে পরিচিত। জুডাইজ়িমে তাঁকে আব্রাম ডাকা হয়। আমার স্ত্রী হিন্দু। আর আমি মুসলিম। সন্তান যাতে ধর্মনিরপেক্ষ একটা পরিবেশ পায়। যাতে বড় হয়ে নাম নিয়ে তার কোনও অভিযোগ না থাকে, তাই আব্রাম রেখেছি।'
সারোগেসি নিয়ে প্রশ্ন উঠতে তিনি বলেন, 'আমার সৌভাগ্য যে, আব্রাম আমার জীবনে এসেছে। ও আসলে ঈশ্বরের সন্তান। সব সময় এটাই প্রার্থনা করি যেন ওর জীবন খুব সুন্দর হয়। আর যাতে একজন ভাল মানুষ হয়ে ওঠে।'