সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন পরিচালক অনুভব সিনহা।

শাহরুখ খান ও অনুভব সিনহা
শেষ আপডেট: 20 May 2025 22:24
দ্য ওয়াল ব্যুরো: বলিউড পরিচালক অনুভব সিনহা এখন ‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’, ‘থাপ্পড়’-এর মতো ছবির জন্যই বেশি পরিচিতি। কিন্তু ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিরো ছবি 'রা-ওয়ান' প্রত্যাশা পূরণ করতে না পারায় একসময় ভেঙে পড়েছিলেন পরিচালক। সম্প্রতি সাংবাদিক ফে ডি’সুজার সঙ্গে এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা খোলাখুলি জানালেন তিনি।
"ওটা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। মন ভেঙে গিয়েছিল। বুকের ভিতর, কাঁধে, মাথায় সেই দুঃখ বয়ে নিয়ে বেড়াতাম ২০১৮ সাল পর্যন্ত, যখন ‘মুল্ক’ মুক্তি পায়। আমি প্রায় ধরে নিয়েছিলাম, আমি আর পরিচালনা করব না। মনে হয়েছিল, আমি এটা ছেড়ে দেব," বললেন সিনহা।
তবে সেই পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। জানালেন, ‘মুল্ক’-এর চিত্রনাট্য মাত্র তিন দিনেই লিখে ফেলেছিলেন তিনি। “টাকা জোগাড় করতে একটু সময় লেগেছিল ঠিকই, কিন্তু ছবিটা করা তখন আমার কাছে একপ্রকার বাধ্যতামূলক হয়ে গিয়েছিল।”
সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন পরিচালক। তিনি বলেন, “অদ্ভুত লাগলেও সত্যি, শাহরুখ এখনও মনের দিক থেকে মধ্যবিত্তই থেকে গিয়েছেন। এটা শুধু টাকার ব্যাপার নয়। আমি ওকে বলেছিলাম, ও এখনও কতটা মধ্যবিত্ত! ও হাসতে হাসতে একমত হয়েছিল। এত টাকার মধ্যেও যেটা আসল, সেটা হল — কী আপনাকে খুশি করে? একটা দামী ব্র্যান্ড, না কি আপনার বোনের মুখের হাসি?”
শাহরুখ আসলে কেমন মানুষ, সেই কথাও বলেন সিনহা। “ও যেভাবে ওর দিদি শাহনাজ, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা আর ছোট ছেলে আব্রামকে নিয়ে ভাবে, সেটা অসাধারণ। এত জনপ্রিয় হয়েও যেভাবে শিকড়ে ধরে রেখেছে নিজেকে, সেটা বিরল। আমি ওকে বলতাম, এই ছবি তৈরি করাটা যতটা বড় ব্যাপার, তার থেকেও বড় সৌভাগ্য হল তোমার মতো একজনকে কাছ থেকে জানা।”