
শেষ আপডেট: 23 April 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো: ইদের (Eid) দিন শুভেচ্ছা জানিয়ে এবার ট্রোলের শিকার সঙ্গীতশিল্পী শান (Shaan)। শনিবার সকালে ইদ উপলক্ষে নিজের অনুরাগীদের শুভেচ্ছা জানাতে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। এতেই রেগে যান নেটিজেনদের একাংশ। কারণ, শান যে ছবিটি পোস্ট করেছিলেন, সেখানে তাঁর মাথায় ফেজ টুপি পরা ছিল। এরপরই তাঁকে নিয়ে নিন্দার ঝড় ওঠে। ফেজ টুপি পরে আদিখ্যেতা করা হচ্ছে বলেও অপমান করেন কয়েকজন।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন এই বঙ্গসন্তান। ইনস্টাগ্রাম লাইভে রীতিমতো গালাগালও করা হয়েছে তাঁকে। তখন কিছু না বললেও এবার আর চুপ থাকলেন না। আক্রমণকারীদের এড়িয়ে না গিয়ে ভিডিও পোস্ট করেই সরাসরি জবাব দিলেন শান। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর এই পোস্ট।
লাইভে এসে শান বললেন, 'ইদ উপলক্ষে আমি শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলাম। যা নিয়ে ট্রোল শুরু হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, ছবিটি একটি ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া। সেটা আমারই এক গানের ভিডিও। তিন বছর আগে শ্যুট করা একটি গান, যা সেসময় বহু মানুষ পছন্দ করেছিলেন। সেই গানের একটি দৃশ্যেই আমার মাথায় ফেজ টুপি ছিল। কারণ গানটি ছিল কাওয়ালি।'
এরপর শান আরও বলেন, 'পোস্টে কমেন্টগুলো দেখার পর প্রথমে ভেবেছিলাম যে এড়িয়ে যাব। কিন্তু যা শুরু হয়েছে, তাতে আমায় মুখ খুলতেই হল। যখন স্বর্ণমন্দিরে গিয়ে মাথার কাপড় ঢেকে ছবি দিয়েছিলাম, তখন কেউ প্রশ্ন তোলেননি যে কেন শিখদের মতো আচরণ করলাম! রাম নবমীর দিন ছবি দিয়ে শুভেচ্ছা জানানোর পরেও কিছু কেউ বলেননি। তাহলে ইদের শুভেচ্ছা নিয়ে এত ট্রোল কেন? আমরা বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় তেমনই পোশাক দিয়ে ছবি পোস্ট করি, যাতে অনুরাগীদের মনে একটি অনুভূতি তৈরি হয়।'
এখানেই শেষ নয়। এরপর তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার গুরুজনরা আমায় সব ধর্মকে সম্মান করতে, সব উৎসব উদযাপন করতে শিখিয়েছে। আমিও চিরদিন এটাই বিশ্বাস করি এবং সেটাই করব। প্রত্যেক ভারতবাসীরই উচিত এমনটা হওয়া। বাকি আপনারা যা ভালো বোঝেন। আমি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়ার পাশাপাশি একজন ভারতীয়ও। আর সেইজন্য আমি প্রতিটি উৎসবেই সামিল হওয়ার চেষ্টা করি।'
ইদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড নুসরত! কুৎসিত গালাগালের বন্যা অভিনেত্রী-সাংসদের পোস্টে