সময় রায়না-র বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া। অমিতাভ বচ্চন-কে নিয়ে ‘পোলিও বিজ্ঞাপন’ প্রসঙ্গে কৌতুক ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ফাইল চিত্র
শেষ আপডেট: 9 April 2026 16:13
দ্য ওয়াল ব্যুরো: কমেডিয়ান সময় রায়না (Samay Raina) আবারও ফিরেছেন তাঁর নতুন শো ‘স্টিল অ্যালাইভ’ নিয়ে। এই মঞ্চেই তিনি খুলে বললেন বহুচর্চিত ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্ক নিয়ে নিজের অভিজ্ঞতা। তাঁর কথায়, সেই সময় চারদিক থেকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সময় দর্শকদের উদ্দেশে বলেন, ইন্টারনেটে কমেডিয়ান, অভিনেতা বা ইনফ্লুয়েন্সাররা আসলে এক ধরনের চরিত্রে অভিনয় করেন। কারণ, যদি তাঁরা বাস্তব জীবনের মতো সরাসরি নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেন, তাহলে প্রতিদিনই তাঁদের বিরুদ্ধে একাধিক এফআইআর হতে পারে।
এই প্রসঙ্গেই তিনি স্মরণ করেন কৌন বনেগা ক্রোড়পতি-তে নিজের উপস্থিতির কথা। সময়ের কথায়, সেখানেও তিনি নিজের স্বাভাবিক সত্তাকে পুরোপুরি প্রকাশ করেননি। বরং ইচ্ছাকৃতভাবে নিজেকে এক ‘ভালো মানুষ’-এর ইমেজে তুলে ধরেছিলেন, যাতে দর্শকদের কাছে বহুমুখী স্রষ্টা হিসেবে ধরা দেন। এমনকি তিনি মজার ছলে বলেন, শো-তে তিনি অমিতাভ বচ্চন-কে জানিয়েছিলেন তাঁর ঠাকুমা তাঁর ভক্ত, যদিও বাস্তবে তাঁর ঠাকুমা সাত বছর আগেই প্রয়াত।
এরপরই অমিতাভ বচ্চনকে ঘিরে নিজের মনে আসা এক ‘অপ্রকাশিত’ কৌতুকের কথাও শোনান সময়। তিনি বলেন, হট সিটে বসে তাঁর মাথায় নানা রকম ভাবনা এলেও সেগুলো প্রকাশ করেননি। যেমন, “স্যার, আপনি পোলিও নিয়ে এত বিজ্ঞাপন করেছেন, তাহলে নিজের ছেলেকে দাঁড় করাতে পারলেন না কেন?”—এই মন্তব্য তিনি মনে রাখলেও মুখে বলেননি।
শুধু তাই নয়, রণবীর আল্লাহবাদিয়া-কে ঘিরে হওয়া ট্রোলিং নিয়েও নিজের মতামত দেন সময়। তাঁর মতে, যাদের ইমেজই মজার বা বিতর্কিত, তারা হঠাৎ ভদ্র আচরণ করলে মানুষ তা সহজেই মেনে নেয়। কিন্তু যারা দীর্ঘদিন ধরে যোগা, মেডিটেশন বা ‘সুশীল’ ইমেজ তৈরি করেছেন, তারা যদি হঠাৎ বিতর্কিত মন্তব্য করেন, তখন তা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয় না। তিনি মজার ছলে বলেন, “নিরামিষাশী আমিষ খেতে পারে, কিন্তু আমিষাশী নিরামিষ খেতে পারে না।” এছাড়াও, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কের সময় তাঁর বিরুদ্ধে মন্তব্য করা বি প্রাক, সুনীল পাল এবং মুকেশ খান্না-কেও কটাক্ষ করেন সময়। তাঁদের অভিযোগ ছিল, শোটি অশ্লীল, যার জবাবও নিজের স্টাইলে দেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের জানুয়ারির শেষে সময় রায়না-কে কৌন বনেগা ক্রোড়পতি-র ১৬তম সিজনে দেখা গিয়েছিল। সেখানে তিনি হাজির হয়েছিলেন তন্ময় ভাট এবং ভুবন বাম-এর মতো জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটরদের সঙ্গে।