
শেষ আপডেট: 21 June 2022 08:47
দ্য ওয়াল ব্যুরো: সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের (Naga Chaitanya) নতুন প্রেমের খবর নিয়ে তোলপাড় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। গুজব রটেছে নাগার্জুনার ছেলে নাকি মডেল-অভিনেত্রী শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala) সঙ্গে প্রেম করছেন। তাঁদের নাকি একসঙ্গে দেখাও গেছে বেশ কয়েকবার। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু বিতর্ক অন্য জায়গায়।
নাগা ভক্তরা অনেকেই বলছেন, সামান্থা রুথ প্রভুর পিআর টিম নাকি নাগা চৈতন্যের নতুন প্রেমের এমন ভুয়ো গুজব রটাচ্ছে। আদৌ নাগা প্রেম করছেন না। এই রটনার খবর পেয়েই রেগে আগুন সামান্থা। টুইট করে গুজব সৃষ্টিকারীদের এক হাত নিয়েছেন তিনি। বলেছেন, 'গ্রো আপ গাইজ।'
সামান্থা এদিন সকাল সকাল একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের নিয়ে কোনও গুজব রটলে সেটা নিশ্চয়ই সত্যি, এমনটাই ধরে নেওয়া হয়। কিন্তু ছেলেদের নিয়ে গুজব রটলে ধরে নেওয়া হয় এ নিশ্চয়ই সেই মেয়েটার কারসাজি! গ্রো আপ গাইজ!
সামান্থা আরও বলেন, যাঁরা এই গুজবের মধ্যমণি, তাঁরা তো অনেকদিন আগেই মুভ অন করেছে। এবার আপনাদেরও এসব ভুলে যাওয়া উচিত। নিজের কাজে মন দিন, নিজের চড়কায় তেল দিন। নিজের পরিবারকে সময় দিন। এসব ভুলে যান।
সোমবারই নাগা চৈতন্যের নতুন প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয় সেসব নিয়ে। বলা হয় নাগার নতুন বাড়িতে নাকি অনেকবার গেছেন শোভিতা ধুলিপালা। শোভিতার হোটেলেও দেখা গেছে নাগাকে। এই দুই তারকাই নাকি বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছেন।
২০১৭ সালে দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার ছেলে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হয় সামান্থা রুথ প্রভুর। চার বছর চুটিয়ে সংসার করার পর ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। দুজনেই যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের কথা জানিয়ে দেন। কিন্তু ভক্তদের মাঝে দক্ষিণী এই তারকা যুগলকে নিয়ে চর্চা থামেনি।