বিগ বস ১৯-এর মঞ্চে সলমন খানের বিস্ফোরক মন্তব্য—জানালেন, জীবনে নাকি কখনো সত্যিকারের ভালোবাসা আসেনি!

বিগ বস ১৯-এর মঞ্চে সলমন খান
শেষ আপডেট: 25 August 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ধুমধাম করেই শুরু হয়েছে 'বিগ বস ১৯'-এর নতুন মরশুম। আগের মতো সঞ্চালকের আসনে এবারও সলমন খান। প্রিমিয়ার পর্বেই কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা তানিয়া মিত্তলের সঙ্গে এক কথোপকথনে সলমন খোলাখুলি জানালেন নিজের প্রেমজীবনের অভিজ্ঞতা।
স্টেজে তানিয়াকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সলমন। সঙ্গেই ছিলেন জিশান কাদরি, যিনি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর চিত্রনাট্যকার হিসেবে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। সলমন মজা করে তানিয়াকে জিজ্ঞাসা করেন, তিনি 'গ্যাংস অফ ওয়াসেপুর' দেখেছেন কিনা। তানিয়া জানান, তিনি দেখেননি, বরং তাঁর পছন্দের সিনেমা 'প্রেম রতন ধন পায়ো'।
ঠিক সেই সময়েই তানিয়ার প্রশ্ন, “স্যার, সত্যিকারের ভালবাসা কি সবসময় অসম্পূর্ণ থেকে যায়?” সলমনের সোজাসাপ্টা উত্তর, “সত্যিকারের ভালবাসা কী, আমি জানি না। কারণ তা আমার জীবনে কখনও আসেনি। না কোনও সত্যিকারের ভালবাসা হয়েছে, না কিছু অধরা থেকেছে!”
সলমন খানের প্রেমজীবন বরাবরই বলিউডের গসিপের কেন্দ্রবিন্দুতে। শোনা যায়, বিগত কয়েক বছর ধরে তিনি বিদেশি সঙ্গী লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি তাঁদের।
এর আগে ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অভিনেত্রী সোমি আলির সঙ্গে সলমনের সম্পর্কের কথা শোনা যায়। দীর্ঘ প্রায় এক দশক ধরে সঙ্গীতা বিজলানির সঙ্গেও ছিলেন তিনি। প্রায় বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত গিয়েছিল তাঁদের সম্পর্ক, এমনকি বিয়ের কার্ডও ছাপা হচ্ছিল, যা পরে বাতিল হয়ে যায়, সম্প্রতি 'ইন্ডিয়ান আইডল ১৫' এর মঞ্চে নিজেই জানিয়েছেন সঙ্গীতা।
১৯৯৯ সালে 'হাম দিল দে চুকে সনম' ছবির সেটে সলমন-ঐশ্বর্যর প্রেমের সূচনা হলেও ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। পরের বছরগুলোতে ক্যাটরিনা কাইফ থেকে লুলিয়া ভান্তুর, বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সলমনের নাম জড়ালেও প্রকাশ্যে কখনওই কিছু স্বীকার করেননি ভাইজান।