টিজারে রাজনীতিবিদের ভূমিকায় ভাইজান! ‘বিগ বস ১৯’-এ এবারে ঘরের সিদ্ধান্ত নেবেন প্রতিযোগীরাই। ২৪ অগস্ট থেকে শুরু রিয়েলিটি শো।

সলমন খান
শেষ আপডেট: 1 August 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: ফের পর্দায় আসছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এবার ১৯ নম্বর সিজনে প্রবেশ করতে চলেছে এই অনুষ্ঠান। তবে এবারের মরশুমে থাকছে বড় চমক। সোমবার প্রকাশিত নতুন টিজারে জানানো হয়েছে, এবারের শো চলবে ‘ঘরওয়ালোঁ কি সরকার’ থিমে। অর্থাৎ, বিগ বস হাউসের নিয়ম-কানুন তৈরি হবে সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে।
টিজারে দেখা গিয়েছে সলমন খানকে একদম অন্যরকম অবতারে। পরনে রাজনীতিবিদের পোশাক। সেই লুকে সলমন বলছেন, এবার ‘শক্তি পাবেন ঘরের সদস্যরাই’। মানে শুধু বিগ বস নয়, এবার প্রতিটি সিদ্ধান্তে অংশ নেবেন ঘরের বাসিন্দারাও। ফলে নতুন নতুন মোড় ও টুইস্টে জমে উঠবে এবারের বিগ বস। শো-এর নতুন লোগোও প্রকাশ হয়েছে—তাতে মিলেছে নতুন রং, নতুন শক্তির ইঙ্গিত।
কবে থেকে শুরু 'বিগ বস ১৯'?
আসন্ন মরশুম শুরু হবে ২৪ অগস্ট, জিও সিনেমা ও কালারস টিভিতে। যদিও এখনও প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা সামনে আসেনি, কিন্তু গুঞ্জন বলছে—এবার শো-তে থাকবেন একাধিক টেলিভিশন তারকা, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ, এমনকি বাস্তব জীবনের সেলেব জুটিও। সব মিলিয়ে রোমাঞ্চের ঘনঘটা থাকবেই।
থিম ‘রিওয়াইন্ড’!
শোনা যাচ্ছে, এবারের থিম হতে চলেছে ‘রিওয়াইন্ড’। অর্থাৎ বিগ বসের পুরনো হিট ফর্মুলাগুলি ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে নির্মাতারা। থাকছে ‘সিক্রেট রুম’-এর মতো আইকনিক টাস্ক, খাবার ও পানীয় সংক্রান্ত চ্যালেঞ্জও। এমনকি মনোনয়ন ও উচ্ছেদের নিয়মেও আসছে বদল—এবার দর্শকরাও মনোনেশনে ভূমিকা নিতে পারবেন বলে খবর। সবমিলিয়ে, ১৯ নম্বর সিজনে পা দিয়ে আরও বেশি ‘গেম-চেঞ্জার’ হয়ে উঠতে চলেছে বিগ বস। এখন দেখার, ঘরের নতুন সরকার কতটা জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে!