
সলমনের ভয়ঙ্কর অভিজ্ঞতা
শেষ আপডেট: 9 February 2025 20:37
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আরবাজ খানের ছেলে এবং তাঁর ভাইপো আরহান খানের ইউটিউব চ্যানেল ‘ডাম্ব বিরিয়ানি’-তে প্রথমবারের মতো আড্ডায় বসেছিলেন সলমন খান (Salman Khan)। এটা একটা পডকাস্ট শো। হাসি ঠাট্টা আড্ডার মধ্যেই উঠে এসেছে সলমনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সলমনের কথায়, যেন মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল!
৪৫ মিনিট ধরে টার্বুলেন্স, ছিটকে পড়ল অক্সিজেন মাস্ক! সলমন জানিয়েছেন, একবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময়ে বিপদে পড়েন তিনি। ফ্লাইটে তাঁর সঙ্গে ছিলেন ভাই সোহেল খান। শুরুতে সব ঠিকঠাক ছিল, পরে ধীরে ধীরে বিমানের শব্দ বাড়তে থাকে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সলমনের কথায়, "সোহেল আর আমি একসঙ্গে ছিলাম, দেখি ও দিব্যি ঘুমাচ্ছে! ওদিকে কিন্তু ৪৫ মিনিট ধরে টার্বুলেন্স চলল।" বলিউডের এই ম্যাচো খান বলেন, হঠাৎ দেখি, বিমানের ক্রু-রা দোয়া করছেন। এমনকি পাইলটদের মধ্যেও টেনশনের ছাপ স্পষ্ট! কিছুক্ষণের মধ্যেই অক্সিজেন মাস্ক নেমে আসে। সলমন মজা করে বলেন,"এটা তো শুধু সিনেমায় দেখেছি! প্রথমবার আমার সঙ্গে এমন হল।"
ভাইজান পডকাস্টে জানান, “কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই হাসাহাসি শুরু করেন। কিন্তু ফের আচমকা কাঁপতে শুরু করে বিমান!
"সোনাক্ষী সিনহা ও তাঁর মা পুনম সিনহাও আমাদের সঙ্গে ছিলেন। সবাই হেসে ফেলেছিল, কিন্তু দ্বিতীয় দফার টার্বুলেন্স শুরু হতেই মুহূর্তে সবাই চুপ! মাটিতে নামার পর সবাই ফের ‘স্টাড’ হয়ে গেল, হাঁটার ভঙ্গি বদলে গেল!"— হাসতে হাসতে বলেন সলমন।
আসছে সালমানের ‘সিকান্দার’ (Sikandar – Salman Khan) সলমন খানের নতুন ছবি আসছে। এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এ অভিনয় করছেন তিনি। ২০২৫ সালের ইদে মুক্তি পাবে এই ছবি। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। দীর্ঘ ১০ বছর পর ফের তাঁদের জুটি বাঁধতে দেখা যাবে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা, শর্মন জোশী, প্রতীক বব্বর এবং সত্যরাজ।
সলমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রশ্মিকা বলেছেন, "এটা আমার প্রথম পুরোপুরি বাণিজ্যিক বলিউড সিনেমা। শুটিংয়ের অভিজ্ঞতা ছিল সত্যিই রোমাঞ্চকর!"