গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আহান পান্ডে ও অনিত অভিনীত রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’।

‘সাইয়ারা’
শেষ আপডেট: 15 August 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আহান পান্ডে ও অনিত অভিনীত রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’। মুক্তির পর থেকেই ছবিটি যেন রেকর্ড ভাঙার মেশিনে পরিণত হয়—টানা হলফিল করে ভিড় জমায় তরুণ প্রজন্মের প্রেমিক-প্রেমিকারা। কিন্তু প্রশ্ন উঠছে, এই ছবির কি আসছে দ্বিতীয় পর্ব?
পরিচালক মোহিত নিজেই দিলেন উত্তর। সম্প্রতি ফরিদুল শাহরিয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা পুরোপুরি প্রযোজকদের সিদ্ধান্ত। আমাকে অনেকে সিক্যুয়েলের জন্য চেনেন ঠিকই, কিন্তু আমার বিশ্বাস, কোনও ক্লাসিক ছবির দ্বিতীয় সংস্করণ তৈরি হলে তার বিশেষত্ব হারিয়ে যায়।"
তবে পরিচালক আবার দরজাও পুরোপুরি বন্ধ করছেন না। মোহিত এনিয়ে বললেন, "যদি প্রযোজক আদিত্য চোপড়া চান, তাহলে আমি ‘সাইয়ারা ২’-এর জন্য রাজি আছি।"
উল্লেখ্য, মোহিত এর আগেও মার্ডার ২, আশিকি ২, এক ভিলেন রিটার্নস, রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস–এর মতো একাধিক হিট সিক্যুয়েল পরিচালনা করেছেন। মার্ডার ২ ও আশিকি ২ সুপারহিট হওয়ার পর থেকেই তিনি বলিউডে ‘সিক্যুয়েল স্পেশালিস্ট’ হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন।
অর্থনৈতিক সাফল্যের দিক থেকেও ‘সাইয়ারা’ নজির গড়েছে। বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে ছবিটি, ভেঙেছে শাহরুখ খান থেকে আমির খান, সব বড় তারকার একাধিক রেকর্ড। যদিও ‘নেপো কিড’ তকমা নিয়ে আহানকে ঘিরে বিতর্ক ছিল, কিন্তু ছবির সাফল্যের ঢেউ সেই সব সমালোচনাকে দূরে সরিয়ে দিয়েছে।
গল্প থেকে শুরু করে প্রতিটি গান, সবকিছুতেই দর্শকের মন জয় করেছে ‘সাইয়ারা’। বলা চলে, ২০২৫ সালের এখন পর্যন্ত এটিই বলিউডের সবচেয়ে বড় হিট।