
বলিউড অভিনেতা সইফ আলি খান
শেষ আপডেট: 16 January 2025 17:32
দ্য ওয়াল ব্যুরো : বলিউড অভিনেতা সইফ আলি খানের আক্রমণকারীকে ইতিমধ্যে শনাক্ত করা গিয়েছে। জানা গিয়েছে, ওই দুষ্কৃতী ফায়ার এক্সিট সিঁড়ি দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার মুম্বইয় পুলিশের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার পর ফ্যানেদের মধ্যে ক্রমশ টেনশন বাড়তে শুরু করেছিল। কে হামলা চালাল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল। পুলিশ সূত্র থেকে আরও জানা গিয়েছে, চুরির করার উদ্দেশ্যেই ওই দুষ্কৃতি বাড়িতে ঢুকেছিলেন। বেশ কয়েকঘণ্টা বান্দ্রার ওই ফ্ল্যাটেই তিনি লুকিয়ে ছিলেন।
এই আক্রমণে ৫৪ বছর বয়সি অভিনেতার শিরদাঁড়ায় চোট লেগেছে। ইতিমধ্যে তাঁর অপারেশন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সইফ শারীরিকভাবে যথেষ্ট স্থিতিশীল রয়েছেন।
পুলিশ সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ ওই দুষ্কৃতী সইফের ছোট ছেলে জেহর ঘরে ঢুকেছিল। এরপর বিপদের আঁচ পেয়ে বাড়ির পরিচারিকা অ্যালার্ম বাজাতে শুরু করেন। সেই শব্দ শুনতে পেয়েই দৌড়ে আসেন সইফ। এরপর দুষ্কৃতীর সঙ্গে তাঁর হাতাহাতি হয়।
ইতিমধ্যে ওই দুষ্কৃতী সইফের শরীরে ৬ বার ছুরির কোপ বসায়। এই ঘটনায় আহত হয়েছেন বাড়ির পরিচারিকাও। তবে ওই দুষ্কৃতীকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। পুলিশের ১০ সদস্যের একটি দল ইতিমধ্যে শুরু করে দিয়েছে চিরুনি তল্লাশি।