গল্পের কেন্দ্রবিন্দুতে এক নতুন জুটি। সদ্য বিবাহ হয়েছে তাদের। বিয়ের পর স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে পা রাখে নববধূ। স্বাভাবিকভাবেই তার মনে থাকে হাজারো প্রশ্ন—নতুন পরিবার তাকে কতটা আপন করে নেবে, মানিয়ে নেওয়া কতটা সহজ হবে!

শেষ আপডেট: 5 April 2026 12:54
দ্য ওয়াল ব্যুরো: ছোট পর্দায় নতুন চমক নিয়ে ফিরছেন সব্য়সাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। বেশ কিছুটা সময় বিরতির পর তিনি এবার জুটি বাঁধছেন মানালি দে (Manali Dey)-এর সঙ্গে, নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তণ’-এ। ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই স্পষ্ট, এটি একেবারে চেনা পারিবারিক গল্প নয়—বরং তার ভেতরেই লুকিয়ে রয়েছে একাধিক টুইস্ট।
গল্পের কেন্দ্রবিন্দুতে এক নতুন জুটি। সদ্য বিবাহ হয়েছে তাদের। বিয়ের পর স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে পা রাখে নববধূ। স্বাভাবিকভাবেই তার মনে থাকে হাজারো প্রশ্ন—নতুন পরিবার তাকে কতটা আপন করে নেবে, মানিয়ে নেওয়া কতটা সহজ হবে! স্বামী তাকে আশ্বস্ত করে, সব দায়িত্ব তার। এই পর্যন্ত সবই যেন পরিচিত ছকে বাঁধা।
কিন্তু সেই ছবি পাল্টে যেতে খুব বেশি সময় লাগে না। কারণ, এই পরিবারের ভেতরে লুকিয়ে রয়েছে অন্যরকম এক সুর। শ্বশুরের ভূমিকায় থাকা শুভাশিষ মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay) প্রথমে স্নেহের আশ্বাস দিলেও, বাস্তবের চিত্র একেবারেই আলাদা হয়ে ওঠে মুহূর্তেই। বাড়িতে পা রাখার সময় বরণডালা নয়, বরং বন্দুক তাক করেই বৌমাকে স্বাগত জানানো হয়! পাল্টা নববধূও নির্ভীক—তিনিও বন্দুক হাতে নিজের উপস্থিতি জানান দেন।
এই অদ্ভুত পরিস্থিতি স্পষ্ট করে দেয়, এখানে সম্পর্কের সমীকরণ মোটেই সরল নয়। পরিবারের প্রবীণ সদস্যের ভূমিকায় থাকা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)-এর উপস্থিতি গল্পের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
অন্যদিকে, সব্যসাচীকেও দেখা যাবে একেবারে নতুন রূপে—সংযত, কিছুটা দ্বিধাগ্রস্ত, আবার একইসঙ্গে দায়িত্বশীল স্বামীর চরিত্রে। বড় পরিবারের মধ্যে নিজেকে খাপ খাওয়ানো নিয়ে তাঁর চরিত্রের টানাপোড়েনও গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সব মিলিয়ে ‘সংসারের সংকীর্তণ’ শুধু একটি পারিবারিক ধারাবাহিক নয়, বরং সম্পর্কের ভেতরের দ্বন্দ্ব, অস্বস্তি আর অপ্রত্যাশিত নাটকীয়তার গল্প। প্রচলিত ধারার বাইরে গিয়ে এই সিরিয়াল দর্শকদের মন কতটা টানতে পারে, সেটাই এখন দেখার।