
রুক্মিণী মৈত্র-দেব
শেষ আপডেট: 15 January 2025 11:37
জমকালো সেট। ঝাড়লণ্ঠন রাখা দু’পাশে। বিনোদিনী থিয়েটারের ছোট্ট রেপ্লিকা সাজানো টেবলে। আলো ঝলমলে এক পরিবেশ সৃষ্টি হয়েছে চারপাশে। সেটের গোটা ডিজাইন নিজে হাতে গুছিয়েছেন রুক্মিণী মৈত্র। পর্দায় ‘বিনোদিনী দাসী’ হয়ে উঠেছেন অভিনেত্রী। ২৩ জানুয়ারি ছবির শুভমুক্তি। তার আগে দফায়-দফায় একের পর এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন রুক্মিণী এবং পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। প্রশ্নের উত্তরে কখনও কখনও মনে পড়ে যাচ্ছে, গত পাঁচ বছরের পরিশ্রমের হিসেবনিকেশ, কখনও টুকরো হাসির আদানপ্রদান পরিচালক-অভিনেত্রীর। আবার কখনও মনখারাপের কথায় নিশ্চুপে মিলিয়ে যাচ্ছে রুক্মিণীর (Rukmini maitra) যাবতীয় অনুভূতি। ‘বিনোদিনী—একটি নটীর উপাখ্যান’ ছবিতে ফিরে ফিরে আসছে অতীতের সোনালী মুহূর্ত। দাঁত কামড়ে পড়ে থাকার কথা বারবার ব্যক্ত করছেন দু’জনেই।
কথার উপর কথা বসতেই, রুক্মিণী বললেন, ‘বিনোদিনী’ শুধু তাঁর কিংবা রাম কমলের ছবি নয়। এই ছবি তাঁদেরও, যাঁরা কোনও না কোনওভাবে জুড়ে ছিলেন ‘বিনোদিনী’র পাশে। ছবির প্রযোজকদের কথাও উঠে এল কথোপকথনে। উঠে এল দেব (Dev actor)(দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট) এবং প্রতীক চক্রবর্তী (প্রমোদ ফিল্মস), দুই প্রযোজকের প্রসঙ্গও। তবে, ‘দেব’কেন্দ্রিক কোনও প্রসঙ্গ উঠতেই, লাজুক হাসি, ঠোঁটে নিবিড় ছাপ ফেলছিল রুক্মিণীর। বারবার সেই হাসিতে ছলকে উঠছিল প্রেম, তা বলার অপেক্ষা রাখে না।
ঠিক তখনই ছিল এই প্রশ্ন, দেবের সাক্ষাৎকারে উঠে আসে রুক্মিণীর নাম, এবং রুক্মিণীর সাক্ষাৎকারে, দেব বিরাজমান। দেবকে ছাড়া রুক্মিণীকে ভাবা যায় না, এবং ঠিক উল্টোটাও। Behind every successful man there stands a woman, আপনার ক্ষেত্রে কি বিষয়টি উল্টোও, ঠিক?
‘আমরা ফেমিনিজম নিয়ে কথা বলি, ফেমিনিজম শব্দটাকে অনেক সময় নেগেটিভ অর্থে ব্যবহার হয়। মেল হিটিং কনেসেপ্ট হিসেবে। তা কিন্তু নয়। এটা সেলিব্রেটিং মেন অ্যান্ড উইমেন ইক্যুয়ালি। সমানভাবে। এই যে আপনি বললেন, রুক্মিণীকে দেব ছাড়া ভাবা যায় না, দেবকেও রুক্মিণী ছাড়া ভাবা যায় না। নারী-পুরুষ দু’জনেই আকাশটাকে ধরে রেখেছে। ভারসাম্য হারালেই, পড়ে যাবে।’ বললেন রুক্মিণী। চারপাশে কান পাতলেই শোনা যায়, সমাজ আজ পুরুষতান্ত্রিক। রুক্মিণী বললেন, সমাজে খারাপ পুরুষও যেমন আছে, তেমন ভাল মানুষও। তিনি বলেন, ‘ভালরা নারীদের এগিয়ে দিতে চায়, আমার বাবা তাদের মধ্যে একজন। আমার দাদাও তাই, দেবের মতো বন্ধু আছে জীবনে। এরকম বহু দেব আছে, চারিদিকে। রুক্মিণীর বাবার মতো মানুষও আছে।’
প্রচুর ভিডিও ভাইরাল হয় সেলেবদের। প্রিয়াঙ্কা চোপড়ার ভিডিও শুট করছেন, নিক জোনাস। কিংবা চারপাশে প্রচুর মানুষ, দীপিকাকে সে সবের থেকে সামলাচ্ছেন স্বামী রণবীর সিং। আপনাদের অর্থাৎ দেব-রুক্মিণীরও এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। একটা বাবা-বাবা ব্যাপার রয়েছে দেবের মধ্যে, ও কি খানিক ফাদার ফিগার টাইপ? প্রশ্ন ছিল রুক্মিণীর কাছে।
এক গাল হেসে বললেন, ‘একজন মানুষ ধনী হয়ে ওঠে না, শুধু সম্পদ কিংবা প্রতিপত্তিতে। সে ধনী হয়ে ওঠে বাবা-মায়েরর সান্নিধ্যে। বাবা-মায়েরাই সন্তানদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলেন। দেব সুপারস্টার। ওর কাজকর্মে মানুষ অনুপ্রেরণা জোগায়। ওঁকে দেখে কতজন কত কী শেখেন। ওর থেকে শিখবে মহিলাদের সম্মান কীভাবে দিতে হয়। এটা শুধু আমার প্রতি নয়, ওঁর মা, ওঁর বোনের প্রতিও তেমনই কনসার্ন্ড।’ বললেন রুক্মিণী।
২৫ ডিসেম্বর, জন্মদিনে রাত বারোটায় কেক কেটে সিলিব্রেশন হয়। দেবের পাশে ছিলেন, তাঁরা মা, বোন এবং রুক্মিণী। সেই কথা উঠতেই রুক্মিণী ফের স্বভাবসিদ্ধ হাসিতেই বললেন, ‘তাহলেই ভাবুন, এতজন নারী ওঁর চারপাশে থাকে, তাহলে কে আর কী করবে? আমােদর পাল্লাই ভারী।’