রবিবার রাত পৌনে একটা নাগাদ জুহুর শেট্টি টাওয়ার্সের (Shetty Towers) লবিতে বসে সিসিটিভি নজরদারি করছিলেন রোহিত শেট্টির দেহরক্ষী স্বপনিল সলুঙ্কে।

শেষ আপডেট: 3 February 2026 15:50
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই হামলার পর তদন্তে নেমে ইতিমধ্যেই খুনের চেষ্টার মামলা রুজু করেছে মুম্বই পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একটি হুমকি পোস্টের মাধ্যমে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi gang) হামলার দায় স্বীকার করেছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে চারজনকে।
রাতদুপুরে রোহিত শেট্টির বাড়ির সামনে গুলির শব্দ
এফআইআরে বলা হয়েছে, রবিবার রাত পৌনে একটা নাগাদ জুহুর শেট্টি টাওয়ার্সের (Shetty Towers) লবিতে বসে সিসিটিভি নজরদারি করছিলেন রোহিত শেট্টির দেহরক্ষী স্বপনিল সলুঙ্কে। সেই সময় আচমকাই বাজি ফাটার মতো একটি শব্দ তাঁর কানে আসে। সন্দেহ হওয়া মাত্রই তিনি সিসিটিভি দেখেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো জ্যাকেট ও সাদা প্যান্ট পরা এক অজ্ঞাতপরিচয় যুবক বাড়ির সামনের রোড নম্বর ১০-এর ধারে দাঁড়িয়ে পিস্তলের মতো দেখতে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে। মোট পাঁচ রাউন্ড গুলি চালানোর পর হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
তদন্তের সূত্রে উঠে এল পুণের যোগ
পুলিশ সূত্র জানাচ্ছে, গোটা হামলার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় জড়িত থাকার অভিযোগে সোমবার সন্ধ্যায় পুণে থেকে চারজনকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেল। তাদের কাজ ছিল শ্যুটারের জন্য স্কুটি ও লজিস্টিক সহযোগিতা জোগাড় করা। ওই স্কুটি জোগাড়কারী মূল অভিযুক্ত শুভম লোণকার, যার নাম বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। তবে যিনি সরাসরি গুলি চালিয়েছেন, তাঁর পরিচয় এখনও স্পষ্ট নয়।
চোখের সামনে গুলির দৃশ্য, তৎক্ষণাৎ পুলিশের খবর
ঘটনার সময় আরেক দেহরক্ষী ও সিকিউরিটি গার্ড বাইরে দৌড়ে গেলেও হামলাকারীকে ধরতে পারেননি। সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ বডিগার্ড আশিস রানে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।
উদ্দেশ্য পরিষ্কার- ‘খুনের চেষ্টা’
এফআইআরের অভিযোগ, এই গুলি চালানো হয়েছিল রোহিত শেট্টিকে লক্ষ্য করেই। তাই মামলাটি খুনের চেষ্টার ধারায় রুজু করা হয়েছে (Intention of killing Rohit Shetty)। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, হামলাকারীর পালানোর রুট ট্র্যাক করছে। পাশাপাশি, যারা পরিকল্পনা ও সহযোগিতা করেছে, তাদের জেরা করা হচ্ছে।
নিরাপত্তা আরও বাড়ানো হল জুহুর শেট্টি টাওয়ার্সে
ঘটনার পর থেকেই রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে, গ্যাংস্টার যোগ, চাঁদাবাজির চেষ্টা, নাকি অন্য কোনও উদ্দেশ্য। পুলিশের দাবি, খুব শীঘ্রই মূল শ্যুটারের পরিচয় ও পূর্ণ চক্রের নেটওয়ার্ক সামনে আসবে।