বাড়ির বাইরে আচমকা গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চেপে আসা দুষ্কৃতীরা পরিচালকের বাড়ির সামনে দাঁড়িয়ে পরপর চার রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

শেষ আপডেট: 2 February 2026 14:24
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই বলিউডে প্রবল চাঞ্চল্য। মুম্বইয়ে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির বাইরে আচমকা গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চেপে আসা দুষ্কৃতীরা পরিচালকের বাড়ির সামনে দাঁড়িয়ে পরপর চার রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে ঘটনার ভয়াবহতা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ঘটনার খবর পেতেই দ্রুত এলাকায় পৌঁছয় মুম্বই পুলিশ। গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। সূত্রের খবর, তদন্তের সূত্র ধরেই পুলিশ পুনে থেকে পাঁচজনকে আটক করেছে। ধৃতদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এই ঘটনায় পুলিশকে পূর্ণ সহযোগিতা করছেন রোহিত শেট্টি নিজেও। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালকের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে এবং তিনি তদন্তকারীদের প্রয়োজনীয় সব তথ্য দিচ্ছেন।
গুলিচালনার ঘটনার পর রোহিত শেট্টির বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাড়ির বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে জানা যাচ্ছে, আপাতত নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে রোহিত তাঁর ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও পরিচিতদের বাড়িতে না আসার অনুরোধ করেছেন। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, এই ঘটনার জেরে রোহিত শেট্টি নিজের নির্ধারিত কিছু কাজও সাময়িকভাবে বাতিল করেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পরিচালক বা তাঁর টিমের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এর আগে একাধিক তারকা ও নির্মাতা হুমকির মুখে পড়েছেন।
এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি হুমকিমূলক বার্তায় দাবি করা হয়েছে, পরবর্তী বার রোহিত শেট্টির বেডরুমে ঢুকে তাঁকে গুলি করা হবে। ওই বার্তায় শুধু রোহিত শেট্টি নন, আরও বেশ কয়েকজন সেলিব্রিটিকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই হুমকি সামনে আসার পরই পুলিশের তৎপরতা আরও বেড়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত পাঁচ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের সঙ্গে কোনও সংগঠিত অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হুমকির উৎস, সোশ্যাল মিডিয়ার বার্তার সত্যতা এবং গুলিচালনার ঘটনার সঙ্গে ধৃতদের সরাসরি যোগ রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। পুরো ঘটনার পরিণতি কী হয়, সেদিকেই এখন নজর বলিউড থেকে সাধারণ মানুষের।