পার্টির ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রোহিত যত্নসহকারে প্রতিভার আঁচল ঠিক করে দিচ্ছেন, সবসময় তাঁর নজর ছিল যেন কোনওভাবে প্রতিভার আঁচল না মাড়িয়ে ফেলেন।

রোহিত সরাফ - প্রতিভা রানতা
শেষ আপডেট: 20 October 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: 'মিসম্যাচ হিরো' রোহিত সরাফের (Rohit Saraf) সঙ্গে কি প্রেম করছেন 'লাপাতা গার্ল' প্রতিভা রানতা (Pratibha Ranta)? মনের রঙের মিল কি এসে পৌঁছল পোশাকের রঙেও! শেষ প্রকাশ্যে আসা ছবি যেন কয়েক মাসের কানাঘুষোকেই সত্যি বলে ইঙ্গিত করছে।
বলিউড পরিচালক নিখিল আডবানির দীপাবলি পার্টিতে (Nikkhil Advani Diwali bash) দু'জনকে একসঙ্গে নাচের তালে পা মেলাতে দেখে রীতিমতো ফিসফিসানি চারদিকে। শুধু তাই নয়, একসঙ্গে ছবির জন্য পোজও দিলেন তাঁরা।
রোহিত এর আগে বেশ কিছু ভাল ভাল কাজ করলেও নেটফ্লিক্সের 'মিসম্যাচ'-এর পর সরাসরি প্রচারের আলোয় আসেন। আর তাঁর 'প্রেমিকা' প্রতিভা ডেবিউ ছবি 'লাপাতা লেডিস' দিয়েই মন জয় করে নিয়েছেন মানুষের। শুধু তাই নয় 'ফিল্মফেয়ার ২০২৫ ডেবিউ' তাঁর নামেই।
দু'জনেই লাল ও সোনালি কো-অর্ডিনেটেড আউটফিটে, নজরকাড়া হয়ে রইলেন পার্টি জুড়ে। রোহিত লাল-সোনালি কুর্তা ও সাদা পাজামায়, আর প্রতিভা লাল 'শারা সেটে' শাড়ি লুকে ছিলেন। পার্টির ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রোহিত যত্নসহকারে প্রতিভার আঁচল ঠিক করে দিচ্ছেন, যাতে ছবি তোলার সময় পোজ দিতে পারেন। সবসময় তাঁর নজর ছিল যেন কোনওভাবে প্রতিভার আঁচল না মাড়িয়ে ফেলেন।

ভিডিওতে দুজনকে একসাথে নাচতে ও হাসতে-গল্প করতে দেখা গেছে। প্রতিভা গলা জড়িয়ে রেখেছেন রোহিতের। তাঁরা একসঙ্গে সোফায় বসে সেলফি তুলেছেন, যেখানে প্রতিভা রোহিতের কাঁধে মাথা রেখেছেন। একটি ছবিতে তো নিখিল নিজেও তাঁদের সঙ্গে পোজ দিয়েছেন। এই সব ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়ে রোহিত-প্রতিভার ডেটিং গসিপ আরও উসকে দিয়েছে।

অনুরাগীদের কেউ মনে করছেন, “তাঁরা শুধু বন্ধু হিসেবে মজা করছেন,” কারণ দুজনের নতুন সিরিজ The Revolutionaries-এর প্রচারে দেখা গেছে তাঁদের রসায়ন। সিরিজে গুরফতেহ পারিজাদা, ভুবন বাম ও জেসন শাহও রয়েছেন। আবার অনেকে বলছেন, “তাঁরা স্পষ্টই ডেটিং-এর হিন্ট দিচ্ছেন।” অনেকেই প্রশ্ন করছেন, “ওঁরা কি প্রেম করছেন?” এবং কেউ কেউ মন্তব্য করেছেন, 'কথা পাকা'।
তাঁদের প্রেমের গুজব শুরু হয় জুলাই নাগাদ, যখন তাঁরা The Revolutionaries সিরিজের প্রচার শুরু করেন। অফ-স্ক্রিন কেমিস্ট্রি এবং একসঙ্গে জনসমক্ষে উপস্থিতি, মুম্বই বিমানবন্দর বা অন্যান্য ইভেন্ট - সবই ফ্যানদের কৌতূহল বাড়িয়েছে। সব মিলিয়ে এই গুজব সত্যি হলে যে তাঁরা বেশ খুশিই হবেন, বলাই বাহুল্য।