
শাহরুখ খান
শেষ আপডেট: 13 January 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: তিনি একটি অনুভূতির নাম। প্রেম তাঁর নামের সমার্থক শব্দ। তিনি আর কেউ নন। তিনি শাহরুখ খান। শাহরুখের বহু ‘কিসসা’ বলিউডের আনচকানাচে কান পাতলেই শোনা যায়। কিন্তু এমনই এক ঘটনার কথা ছড়িয়ে গেল বলিউডে। শাহরুখের এমন এক কীর্তি যা শুনে, অবাকই হচ্ছে শাহরুখ প্রেমীরা। যাঁর এক কথায় জানপ্রাণ সঁপে দিতে পারেন কত শহত তনয়া, সেই ‘দ্য’ শাহরুখ খানকে (Shah Rukh Khan) রাত এগারোটায় কল করে বিয়ের প্রস্তাব দিতে হয়েছিল? তাও আবার কোনও মহিলাকে নয়, একজন পুরুষকে! এই কথা ছড়াতেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে।
এই বিষয়টি যিনি সামনে আনলেন, তিনিও একজন অভিনেতা, রিতেশ দেশমুখ! অভিনেতার সঙ্গে শাহরুখের বন্ধুত্ব আজকের নয়। তাঁদের সম্পর্ক শুধুমাত্র বলিউডি লেটনাইট পার্টি কিংবা সমাজ মাধ্যমে সীমিত কখনওই থাকেনি। ব্যক্তিগত হয়ে উঠেছে। আভ্যন্তরীণ কত টুকরো গল্প ছড়িয়ে রয়েছে দু’জনের জীবনেই। এবার তেমনই এক ঘটনার কথা জানালেন রীতেশ।
রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) এবং তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ এক খোলামেলা আড্ডায়, শাহরুখ (Shah Rukh Khan) প্রসঙ্গে একটি মজার ঘটনা শেয়ার করেন। রিতেশ বলেন, ‘ভারতে সে সময়ে আইফোন সহজলভ্য ছিল না। তখন আমি কোনও ভাবে বিদেশ থেকে দুটি আইফোন কিনি।’ রিতেশ জানতেন, শাহরুখ খান টেকলাভার। বিভিন্ন গ্যাজেটস, মোবাইল ফোন, কিং খানের বড্ড প্রিয়। তা জেনেই রিতেশ ‘পাঠান’ স্টারকে সদ্য কেনা দুটি আইফোনের মধ্যে একটি কিং খানকে উপহার হিেসবে পাঠান।
ঠিক এরপরই ঘটে সেই মজার ঘটনাটি। ফোন পাওয়ার পর, রাত ১১টা নাগাদ শাহরুখ খান, রিতেশকে কল করেন। ‘আমার মনে আছে, তখন রাত ১১টা, শাহরুখ কল করে। বলে, রিতেশ, এটা কী দিয়েছো, ভাই! এটা তো একেবারে মাইন্ডব্লোয়িং!’ রিতেশ বলেন, ‘এটা আমার তরফ থেকে তোমায় উপহার,’ আর এই কথা শুনে শাহরুখ বলেন, ‘তোমাকে আমি একটা কথা বলি। আমি তোমায় বিয়ে করতে রাজি আছি।’
শাহরুখ-গৌরির মন্নত নিয়েও গোপন কথা ফাঁস করেন রিতেশ দেশমুখ
রিতেশ মন্নত প্রসঙ্গে বলেন, শাহরুখের বাড়িতে আয়োজিত যে কোনও আড্ডায় আমন্ত্রিতদের জন্য খাবার পরিবেশন করা হয় রাত তিনটে নাগাদ! এরপর, তিনি তাঁর বন্ধু শাহরুখ খানের প্রশংসা করে বলেন,মন্নতে আসা প্রতিটি অতিথিকে আলাদাভাবে বিদায় জানাতে বাইরে আসেন স্বয়ং কিং খান! ‘মন্নতে যখনই কোনও গেট টুগেদার হয়, যদি আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চান, তাহলে জানবেন, খাবার আসবে রাত ৩টে। কিন্তু, মন্নতের সবচেয়ে ভাল ব্যাপার হল, যখন আপনি বাড়ি ফিরছেন বা আপনিন আপনার গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন, তখন হোস্ট নিজেই এসে আপনার গাড়ির দরজা খুলে দেবেন, বিদায় জানাবেন। আর তিনি আর কেউ নন, শাহরুখ খান!’ এই একই ঘটনার কথা আগে উল্লেখ করেছেন, শাহরুখের স্ত্রী গৌরীও।
কফি উইথ করণ সিজন ৭-এর একটি পর্বে, শাহরুখের অতিথিদের মন্নতের পার্টিতে বিদায় জানানোর অভ্যাস সম্পর্কে বলেন তিনি। ‘ও সবসময় অতিথিদের তাঁদের গাড়ি অবধি পৌঁছে দেয়। আমার মনে হয় পার্টির সময় ও বোধ হয়, বাড়ির ভিতরে থাকার চেয়ে ও বাইরে, বেশি সময় কাটায়। লোকজন ওকে খুঁজতে শুরু করে। এটা দেখে আমার মনে হয়, আমরা বাড়িতে পার্টি করছি না রাস্তায়।’