স্ত্রীর জন্মদিনে ‘বাইকো’ লিখে আবেগঘন বার্তা দিলেন রীতেশ দেশমুখ। বললেন, “তুমি আমার নোঙর, আমার জীবন।”

জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখ
শেষ আপডেট: 5 August 2025 23:40
দ্য ওয়াল ব্যুরো: পর্দায় তাঁদের রসায়ন যতটা নজরকাড়া, বাস্তব জীবনের সম্পর্কটা তার থেকেও বেশি মজবুত। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন বলিউডের অন্যতম ‘ড্রিম কাপল’— জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখ। বিয়ের পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। কিন্তু ভালবাসা এতটুকু কমেনি, বরং প্রতি বছর যেন আরও নতুন করে জন্ম নেয় তাঁদের সম্পর্ক।
এবার সেই প্রেমই আরও একবার ধরা পড়ল জেনেলিয়ার জন্মদিনে। স্ত্রীর সঙ্গে কিছু অমূল্য মুহূর্তের ছবি শেয়ার করে রীতেশ লিখলেন এমন কিছু কথা, যা এক লাইনেই বলে দেয়— ভালবাসা মানেই জেনেলিয়া।
"শুভ জন্মদিন, বাইকো। আজ শুধু তোমার জন্মদিন নয়, এটা সেই দিন যেদিন ঈশ্বর আমায় সবচেয়ে বড় উপহার দিয়েছিলেন—তোমায়।"
এরপরের লাইনগুলো যেন এক ভালবাসার কবিতা। রীতেশ লিখলেন, “তুমি সেই মানুষ, যাঁর হাসি আমার ভাঙা মনের দাওয়াই। তুমি আমার দেখা সেরা মা, সেরা বন্ধু, সেরা মেয়ে। তুমি যা করো, যেভাবে করো, তার সবটাই আমাকে অবাক করে। আমাদের পরিবারের সুখের পেছনে সবচেয়ে বড় অবদান তোমার।”
নিজের মনের সবটুকু খুলে বলতে দ্বিধা করেননি অভিনেতা। লেখেন, “তুমি আমায় কখনও ভেঙে পড়তে দাওনি। তোমার হাসি, তোমার মজা—সবকিছুই আমি আগলে রাখতে চাই। কারণ এই সব কিছুর মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। তুমি আমার চিয়ারলিডার, আমার রক্ষক, আমার নির্ভরতার জায়গা।”
সব শেষে জেনেলিয়ার উদ্দেশে রীতেশ লেখেন, “তুমি আমার নোঙর, আমার সন্তানদের সবচেয়ে বড় আশ্রয়। তুমি আমায় আরও ভালো মানুষ হতে শেখাও। তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ। ভালবাসি তোমায় বাইকো, এবং সারাজীবন তোমায় ভালবাসতেই চাই।”
এই পোস্ট সামনে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস। অনেকেই লেখেন, “ভালবাসা বলতে যদি কিছু বোঝানো যায়, তাহলে সেটা রীতেশ-জেনেলিয়ার সম্পর্ক।”
সম্প্রতি রীতেশ দেশমুখকে দেখা গিয়েছে ‘হাউসফুল ৫’ ছবিতে, যা Amazon Prime Video-তে স্ট্রিমিং হচ্ছে। অন্যদিকে জেনেলিয়া অভিনয় করেছেন আমির খানের সঙ্গে ‘সিতারে জামিন পর’ ছবিতে।