জানুয়ারির শীতকাতুরে হাওয়ার মধ্যেই যেন পুরনো দিনের প্রেম এল নতুন রঙে। উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তির আগেই দর্শকের মনে কৌতূহল বাড়ছে।

শেষ আপডেট: 6 January 2026 17:40
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির শীতকাতুরে হাওয়ার মধ্যেই যেন পুরনো দিনের প্রেম এল নতুন রঙে। উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তির আগেই দর্শকের মনে কৌতূহল বাড়ছে। সদ্য প্রকাশিত গান ‘আমি বার বার’। রোমান্টিক হরর-কমেডির আবহে তৈরি এই ছবির হাত ধরেই প্রথমবার ভৌতিক ঘরানায় পা রাখতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়, যিনি এই ছবির সংগীতেও এক বিশেষ আবেগের রেশ ছড়িয়ে দিতে চেয়েছেন।
‘আমি বার বার’ শুধুই একটি প্রেমের গান নয়—এ যেন সময়ের জানালা খুলে দেওয়া এক নস্টালজিয়া। অর্ণব দত্তের কথায় ও সুরে তৈরি এই গান পুরনো দিনের এক মায়াময় অধ্যায়, যার সঙ্গে ধীরে ধীরে মিশে যায় আজকের দিনের আধুনিক সিনেম্যাটিক অনুভব। কাজল চট্টোপাধ্যায় ও অর্ণব দত্তের গলায় গানটি শোনামাত্রই শ্রোতাকে টেনে নিয়ে যায় সেই সময়ে, যখন প্রেম ছিল সহজ, গভীর আর বারবার ফিরে শোনার মতো।
গানটির স্ক্রিনে আলাদা মাত্রা পেয়েছে বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্তের (Bonny Sengupta and Swastika Dutta) রেট্রো লুকে। ক্লাসিক রোমান্টিক সিনেমার অনুপ্রেরণায় তৈরি এই স্টাইলিংয়ে দু’জনকেই দেখা যায় সম্পূর্ণ নতুন রূপে। আলো, রং আর মুড মিলিয়ে ‘আমি বার বার’ হয়ে ওঠে ছবির অন্যতম স্মরণীয় মুহূর্ত।

অনুভূতির কথা বলতে গিয়ে বনি সেনগুপ্ত অকপট, “প্রথম শোনাতেই গানটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মনের মধ্যে একটাই ইচ্ছে ছিল—যেন এই গানটা আমার ওপরেই তৈরি হয়। শেষ পর্যন্ত যখন জানলাম, এটা আমার আর স্বস্তিকার ওপরেই তৈরি হচ্ছে, তখন আনন্দটা ভাষায় বোঝানো কঠিন। রেট্রো লুক আমাদের দু’জনের জন্যই একেবারে নতুন অভিজ্ঞতা ছিল। সেটের পরিবেশ, কাজের উন্মাদনা আর গান মুক্তির পর দর্শকের ভালোবাসা—সব মিলিয়ে ‘আমি বার বার’ আমার কাছে সত্যিই খুব স্পেশাল।”
স্বস্তিকা দত্তের কাছেও এই গান শুধুই আরেকটা প্রজেক্ট নয়, বরং এক আবেগের জায়গা। তিনি বলেন, “এমন কিছু গান থাকে, যেগুলো সত্যিই বারবার শোনা যায়—‘আমি বার বার’ ঠিক তেমনই। প্রথমবার নিজেকে রেট্রো অবতারে দেখা ভীষণ রোমাঞ্চকর ছিল, আর এই লুকটা আমি খুব ভালোবেসেছি। অনেক বছর পর বনির সঙ্গে আবার কাজ করার সুযোগ পাওয়ায় গানটা আমার কাছে আরও আলাদা হয়ে উঠেছে। আমার বিশ্বাস, দর্শকও এই গানটার কাছে বারবার ফিরবেন।”

পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ভাবনাতেও শুরু থেকেই ছিল সহজ প্রেমের প্রতি দুর্বল। তাঁর কথায়, “আমরা কখনওই ‘আমি বার বার’-কে খুব জটিল কিছু বানাতে চাইনি। এটা নিছক প্রেমের গান হিসেবেই ভেবেছিলাম। অর্ণবের কম্পোজিশনে প্রথম থেকেই একটা পুরনো দিনের সৌরভ ছিল। তাই আমরা ভিজ্যুয়ালেও রেট্রো আমেজ ধরতে চেয়েছি। বনি আর স্বস্তিকা তাঁদের রসায়ন দিয়ে সেই আবেগটাকে প্রাণ দিয়েছে। আজকের দিনে মেলোডি-নির্ভর গানের এমন ইতিবাচক সাড়া সত্যিই খুব আনন্দের।”
রোমান্স, হালকা ভয় আর হাসির মিশেলে তৈরি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ইতিমধ্যেই দর্শকের মধ্যে প্রত্যাশার পারদ চড়িয়ে দিয়েছে। ‘আমি বার বার’ সেই আগ্রহকে যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ছবিতে মিমি চক্রবর্তী ও সোহম মজুমদারের জুটির পাশাপাশি দেখা যাবে অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চট্টোপাধ্যায়, বিমল গিরি ও অপূর্ব বারকে। আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। তার আগেই ‘আমি বার বার’ যেন এক মিষ্টি প্রেমের আমন্ত্রণ।