
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 21 November 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৯ বছর দাম্পত্য জীবনের ইতি টানলেন সুরকার এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। জানা গিয়েছে, দীর্ঘ দিনের তিক্ততাই নাকি বিচ্ছেদের কারণ। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের মিউজিক দলের বেসিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তার স্বামী সঙ্গীত পরিচালক মার্ক হার্টসাচে সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন মোহিনী।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। নেটিজেনের একাংশের একটাই প্রশ্ন উঠে এসেছে। তাহলে কি রহমানের বিচ্ছেদের আসল কারণ মোহিনী? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের কমেন্টে দেখা গিয়েছে একটাই প্রশ্ন, পরকীয়ার কারণেই কি দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেন এ আর রহমান? উত্তর জানিয়ে দিলেন রহমানের আইনজীবী বন্দনা শাহ।
তাঁর মতে, মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই। সায়রা ও রহমান নিজেদের মধ্যে কথা বলে এই সিদ্ধান্তে এসেছেন। তাছাড়া সায়রা জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে এই সিদ্ধান্ত নেওয় মোটেও সহজ ছিল না, তবুও অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা এবং তাদের একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও এই ধরনের সমালোচনা আশা করা যায় না।
আইনজীবী বলেন, 'তাঁদের বিবাহ বিচ্ছেদের আসল কারণ রহমান স্যার ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে জানিয়েছে। ডিভোর্সের পথে হাঁটার সিদ্ধান্ত যে যার নিজের। মোহিনীর মনে হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই নিয়েছে। এখানে কেনই বা রহমানকে জড়ানো হচ্ছে?
একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে তাতে এ আর রহমান লিখেছেন, 'অনেক বছর সংসারের পর এবার আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত আমরা দু'জনের কেউই নিতে পারছিলাম না। ফলে আমরা জানি যে আমাদের দু'জনকে খুব কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। হয়তো পরবর্তীকালেও কষ্ট পেতে হতে পারে। কিন্তু আমাদের দু'জনের জন্যই এই বিচ্ছেদ ভাল।'
দীর্ঘ ২৯ বছরের বিয়ে ভাঙছে অস্কারজয়ী শিল্পীর। এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রার বিচ্ছেদের খবর শুনে হতবাক অনুরাগীরা। বিশ্বজোড়া খ্যাতি তাঁর। দেশের মুখ উজ্জ্বল করেছেন অস্কারের মঞ্চেও। সাধারণ ভাবে নিজের কাজের জন্যই প্রচারের আলোয় থাকেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। স্বভাবজাত কারণে স্বল্পভাষী হওয়ায় ক্যামেরার সামনে বেশ মুখচোরা তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে ডিভোর্সের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।