দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

শেষ আপডেট: 1 October 2023 18:57
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের যুবকদের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি। তাঁর 'টিপটিপ বরসা পানি' গানে কোমর দোলানো আজও বলিউডের অন্যতম সেরা আইকনিক দৃশ্যের তালিকায় থাকবে। তিনি রবিনা ট্যান্ডন। রুপোলি পর্দায় ইদানীং যদিও তিনি আর নিয়মিত নন তবে বিভিন্ন অনুষ্ঠানে বা পার্টিতে তাঁকে এখনও নিয়মিত দেখা যায়। এবার রবিনার দেখানো পথেই পা বাড়াতে চলেছেন অভিনেত্রীর মেয়ে রাশা থাড়ানি।
শোনা যাচ্ছে, রবিনার মেয়ে একেবারে প্রস্তুত রুপোলি দুনিয়ায় পা রাখতে। চলতি বছরেই রাশা শেষ করেছেন তাঁর স্কুলের পড়াশোনা। এবার মায়ের পথে হেঁটেই অভিনয়ে নাম লেখাবেন রবিনা-কন্যা। তবে রবিনা যেমন বলিউডেই দাপিয়ে বেড়িয়েছেন বরাবর রাশার কিন্তু তেমন পরিকল্পনা নেই। বরং দক্ষিণী ছবি দিয়েই খাতা খুলতে চাইছেন তিনি।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
সূত্রের খবর, প্রথম ছবিতেই তিনি নায়ক হিসেবে পেতে চলেছেন রামচরণকে। প্রায় ৩০০ কোটি টাকা বাজেটের ছবি দিয়ে কেরিয়ার শুরু হতে চলেছে রাশার। অর্থাৎ প্রথম ছবি হিসেবে রীতিমতো বড় বাজেটের ছবি দিয়ে কেরিয়ার শুরু করতে চলেছেন এই স্টারকিড। শোনা যাচ্ছে রাশার প্রথম ছবি একটি ‘স্পোর্টস ফিল্ম’ হতে চলেছে।
মেয়ের প্রথম ছবি নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি রবিনা ট্যান্ডন। এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত রাশাকে তিনি অভিনয়ে আসতে দিতে রাজি নন। তবে শোনা যাচ্ছে, হাইস্কুলের পড়া শেষ হওয়ার পর আর একটা দিনও নষ্ট করতে রাজি নয় রবিনার মেয়ে। ইতিমধ্যেই ছবি সংক্রান্ত কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে হয়তো আগামী বছরই বড় পর্দায় দেখা যাবে রবিনার মেয়ে রাশাকে।