
শেষ আপডেট: 11 November 2023 11:52
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী রশ্মিকা মান্ধানার ডিপফেক ভিডিও কাণ্ডে অবশেষে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
বিগত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা দেশ রশ্মিকা মান্ধানার এই ডিপফেক ভিডিওকাণ্ডে তোলপাড়। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিজয় দেবেরেকোন্ডার মতো অভিনেতারা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। ঘটনার পরই রশ্মিকাকে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলেন বিগ বি। অবশেষে দিল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে চলছে তদন্ত।
এর আগে দিল্লির মহিলা কমিশন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছিল পুলিশকে। বলা হয়েছিল, অভিনেত্রী রশ্মিকা মান্ধানার ডিপফেক ভিডিও নিয়ে কমিশন উদ্বিগ্ন। কেউ বা কারা বেআইনিভাবে রশ্মিকার ছবি মর্ফ করে কুরুচিকর ভিডিও বানিয়েছে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার বিরুদ্ধে একটি এফআইয়ের কপিও তাঁরা দাবি করে। তবে দিল্লি পুলিশ তার আগেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল।
উল্লেখ্য, এই ডিপফেক কী জিনিস সেটাই এখনও অনেকে জানেন না। এই ডিপফেক হল এমনই একটি প্রোগ্রাম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ধরন ‘ডিপ লার্নিং টেকনোলজি’ ব্যবহার করে তৈরি করা হয়। মূলত এই পদ্ধতিতে অডিও, ভিডিও ও ছবিতে কারসাজি করে এমন কনটেন্ট বানানো হয়, যা দেখে আসল কি নকল তা বোঝার উপায় থাকে না। মূলত কুরুচিকর জিনিসই এই টেকনোলজিতে বানানো হয়।