একদিকে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রশ্মিকা, অন্যদিকে প্রজেক্ট হাতে থাকলেও হিট লিস্টে নেই বিজয়। তবে তাঁদের সম্পর্ক শুরু সিনেপাড়ার হিট জুটি হিসেবেই। তবে চার হাত এক হলে কী ভাগ্য বদলাবে?

শেষ আপডেট: 20 February 2026 13:33
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেপাড়ায় এখন বসন্তের হাওয়া। সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)–কে ঘিরে দীর্ঘদিনের প্রেমের জল্পনা এবার নতুন মোড় নিতে চলেছে। সম্প্রতি তাঁদের বিয়ের তারিখ প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে সিনেপাড়ায়। একদিকে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রশ্মিকা, অন্যদিকে প্রজেক্ট হাতে থাকলেও হিট লিস্টে নেই বিজয়। তবে তাঁদের সম্পর্ক শুরু সিনেপাড়ার হিট জুটি হিসেবেই। তবে চার হাত এক হলে কী ভাগ্য বদলাবে? কতটা বদল আসতে চলেছে জুটির জীবনে? বিয়ের দিন হিসেবে ২৬ ফেব্রুয়ারিই বা বিশেষ কেন, এবার নেটমহলে এই প্রশ্নের উত্তর ভাইরাল। এই দিনটির গুরুত্ব নিয়ে প্রকাশ্যে আলোচনা বাড়িয়েছে অনুরাগীদের কৌতূহল।
কী বলছে জ্যোতিষচর্চা?
সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জনপ্রিয় জুটি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দিনটি নাকি অত্যন্ত শুভ। গ্রহ-নক্ষত্রের অবস্থান, তিথি ও নক্ষত্র মিলিয়ে এই তারিখকে দাম্পত্য জীবনের জন্য সৌভাগ্যসূচক বলে মনে করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওই সময়ের গ্রহগত অবস্থান বিবাহিত জীবনে স্থিতি, পারস্পরিক বোঝাপড়া ও সমৃদ্ধির ইঙ্গিত দেয়। পাশাপাশি অনেকে এও অনুমান করছেন, রশ্মিকাকে বিয়ে করে ভাগ্য খুলতে চলেছে দেবেরাকোণ্ডার। এই জুটি একসঙ্গে বেশ সুখী হবেন, পাশাপাশি বাড়বে আরও সম্পর্কের গভীরতা।
যদিও এই বিয়ে নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই, তবু তাঁদের ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জুটির বিয়ের আমন্ত্রণপত্রও। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতেই ব্যক্তিগত পরিসরে বসবে এই বিয়ের আসর। উল্লেখ্য, বড়পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। বিশেষ করে গীত গোবিন্দম ( Geetha Govindam) এবং ডিয়ার কমরেড ( Dear Comrade) ছবিতে জুটি হিসেবে বিপুল জনপ্রিয়তা পান তাঁরা। সেই থেকেই শুরু প্রেমের গুঞ্জন, যা সময়ের সঙ্গে আরও জোরালো হয়েছে।
ইতিমধ্যেই সেজে উঠেছে বিজয় দেবেরাকোণ্ডার বাসবভন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাঁদের আমন্ত্রণ পত্র অনেকের কাছে পৌঁছে গিয়েছে। সকলের নজরে এখন এই বিগ ফ্যাট ওয়েডিং। বিয়ের দিনক্ষণ থেকে শুরু করে জ্যোতিষ বিশ্লেষণ—সব মিলিয়ে এই তারকা জুটিকে ঘিরে এখন তুঙ্গে জল্পনা। তবে সত্যিই ২৬ ফেব্রুয়ারি শুভ লগ্নে চার হাত এক হবে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে আর মাত্র কয়েকটা দিন।