উদয়পুরে রাজকীয় বিয়ের জল্পনার মধ্যেই রশ্মিকা এবং বিজয় নিজেদের পরিণয়ের নাম রাখলেন ‘বিরোশের বিয়ে’। অনুরাগীদের ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারকারা নিজেরাই ঘোষণা করলেন সুখবর।

বিরোশ
শেষ আপডেট: 23 February 2026 09:02
দ্য ওয়াল ব্যুরো: রাজকীয় বিয়ের জল্পনায় যেন এ বার সত্যিকারের সিলমোহর। এতদিন পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রাখা তারকা জুটি বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) অবশেষে সরাসরি জানিয়ে দিলেন—তাঁরা বিয়ে করতে চলেছেন। রবিবার গভীর রাতে প্রকাশ্যে এল সেই ঘোষণা, আর সঙ্গে ফ্যানদের উদ্দেশে তাঁদের নতুন পরিচয় ‘বিরোশ (ViRoSh)’।
দিন কয়েক ধরেই কানাঘুষো ছিল, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে (Udaipur) রাজকীয় বন্দোবস্তে পরিণয় সেরে ফেলবেন দক্ষিণের এই অন্যতম হিট জুটি। গুঞ্জনেই এত দিন সীমাবদ্ধ থাকলেও, রবিবার রাতে নিজেরাই দিলেন ভালবাসায় সিলমোহর। বিজয়–রশ্মিকার বার্তা, ‘আমরা কিছু পরিকল্পনা করার বা সিদ্ধান্ত নেওয়ার আগেই তোমরা আমাদের পাশে ছিলে। অনেক ভালবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’।’ তাই নিজেদের জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠানের নামও রাখলেন—‘বিরোশের বিয়ে (ViRoSh Wedding)’।
অনুরাগীদের উদ্দেশে তাঁদের অভিবাদনভরা বার্তা স্পষ্ট,‘তোমরা আমাদেরই অংশ। তাই এই মুহূর্ত তোমাদেরও। ভালবাসা আর আলিঙ্গন রইল।’
যদিও বিয়ের দিনক্ষণ, ঠিকানা বা অনুষ্ঠানসূচি নিয়ে মুখ খোলেননি তাঁরা। শোনা যাচ্ছে, পরিণয়ের আসর ঘিরে থাকছে কঠোর গোপনীয়তা, ক্যামেরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁদের প্রীতিভোজের (Reception) একটি সম্ভাব্য আমন্ত্রণপত্র, যেখানে উল্লেখ রয়েছে—৪ মার্চ হায়দরাবাদে (Hyderabad) হবে সেই অনুষ্ঠান।

২০১৭ সালে ‘গীত গোবিন্দমের (Geetha Govindam)’ সেটেই প্রথম দেখা হয়েছিল দু’জনের। পরে একসঙ্গে অভিনয় করেছেন ‘ডিয়ার কমরেডে (Dear Comrade)’। আর সেই থেকে শুরু প্রেমের গুঞ্জন। বহুবার প্রকাশ্যে এসেছেন একসঙ্গে, একাধিক সাক্ষাৎকারে একে অপরকে বলেও উঠেছেন তাঁর জীবনের ‘স্পেশাল’ মানুষ। গত ৩ অক্টোবর তাঁদের বাগদান (Engagement) সেরে ফেলার খবরও সামনে আসে।
এতদিন লুকোনো সেই গল্প অবশেষে সামনে এল তাদেরই হাত ধরে।