মুক্তির আগেই ১৫০ কোটি টাকায় ওটিটি স্বত্ব বিক্রি করে রেকর্ড গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর পার্ট ২’। নেটফ্লিক্স নয়, জিও হটস্টারে আসছে ছবি।

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’
শেষ আপডেট: 6 February 2026 11:00
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আগামী ১৯ মার্চ সিনেমাহলে আসছে এই বহু প্রতীক্ষিত ছবি। তবে মুক্তির আগেই বক্স অফিসের বাইরেই কয়েক কোটি টাকার ব্যবসা সেরে ফেলেছে ছবিটি। ওটিটি স্বত্ব বিক্রি করেই মোটা অঙ্কের আয় করে নিয়েছে নির্মাতারা।
প্রথম পর্বের মতো নেটফ্লিক্সে নয়, ‘ধুরন্ধর পার্ট ২’-এর ডিজিটাল স্ট্রিমিং রাইটস কিনেছে জিও হটস্টার। প্রতিবেদন অনুযায়ী, এই স্বত্ব পেতে বিপুল অর্থ খরচ করতে হয়েছে হটস্টারকে। এমনকি আয়ের নিরিখে ছবির দ্বিতীয় পর্ব প্রথম অংশকেও ছাপিয়ে গিয়েছে।
‘বলিউড হাঙ্গামা’-র একটি রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর স্ট্রিমিং রাইটস বিক্রি হয়েছে প্রায় ১৫০ কোটি টাকায়। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ওটিটি ডিলগুলির মধ্যে এটি অন্যতম বলে মনে করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ছবি মুক্তির আগেই নেটফ্লিক্স ১৭৫ কোটি টাকায় দুই পর্বের স্ট্রিমিং রাইটস কেনার প্রস্তাব দিয়েছিল। উল্লেখযোগ্যভাবে, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছিল ৮৫ কোটি টাকায়। সেখানে দ্বিতীয় পর্বের ক্ষেত্রে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ।
ছবিটি লিখেছেন আদিত্য ধর। প্রথম পর্বের সাফল্যের পর থেকেই দর্শকরা ‘ধুরন্ধর পার্ট ২’-এর অপেক্ষায় ছিলেন। এদিকে শোনা যাচ্ছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ইয়ামি গৌতমকে। যদিও এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে বক্স অফিসে বড়সড় লড়াইয়ের মুখে পড়বে ‘ধুরন্ধর পার্ট ২’। একই দিনে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ছবি ‘টক্সিক’। ফলে মুক্তির দিন থেকেই দুই বড় ছবির মধ্যে জোরদার প্রতিযোগিতা দেখার অপেক্ষায় দর্শকরা।