সূত্রের খবর, রণবীরের সাম্প্রতিক বক্স অফিস সাফল্যও তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ ভালো ফল করার পর অভিনেতা পরপর গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করতে আগ্রহী নন বলেই ইঙ্গিত মিলছে।

শেষ আপডেট: 30 January 2026 18:30
দ্য ওয়াল ব্যুরো: আবারও খবরের শিরোনামে ‘ডন ৩’ ছবি। এক সময় যে প্রজেক্ট ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, সেই ছবিই এখন নানা জল্পনা ও গুঞ্জনের কেন্দ্রে। পরিচালক ফারহান আখতার ও অভিনেতা রণবীর সিংয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে টিনসেল টাউনে। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এক তথ্য এই জল্পনায় ঘি ঢেলেছে। সোশ্যাল মিডিয়ায় ফারহান আখতারের অ্যাকাউন্টে নজর রেখেই নেটিজেনদের একাংশ দাবি করেছেন, রণবীর সিংকে আর ‘ফলো’ করছেন না পরিচালক। বিষয়টি সামনে আসতেই শুরু হয় নানা ব্যাখ্যা ও অনুমান। একজন পরিচালকের পক্ষ থেকে তাঁর ঘোষিত নায়কের সঙ্গে এই ধরনের দূরত্ব স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, ‘ডন ৩’ ছবিটি নিয়ে সৃজনশীল দৃষ্টিভঙ্গির ফারাক থেকেই নাকি সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণেই রণবীর সিং প্রজেক্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ফারহান আখতার বা রণবীর সিং—কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
সূত্রের খবর, রণবীরের সাম্প্রতিক বক্স অফিস সাফল্যও তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ ভালো ফল করার পর অভিনেতা পরপর গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করতে আগ্রহী নন বলেই ইঙ্গিত মিলছে। পরিবর্তে, তিনি এখন ভিন্ন ধরনের গল্প ও পরিচালকের সঙ্গে কাজ করতে চাইছেন। সেই তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কণগরাজ ও অ্যাটলির মতো নাম।
এদিকে ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেও রণবীরের কাজ থেমে নেই। জানা গিয়েছে, জয় মেহতার পরিচালনায় জম্বি থ্রিলার ‘প্রলয়’ নিয়েই এখন বেশি মনোযোগী অভিনেতা। এই ছবির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও তিনি আগ্রহ দেখিয়েছেন বলে খবর।
অন্যদিকে, ফারহান আখতার আপাতত ‘ডন ৩’কে কিছুটা পিছনে রেখে নিজের দীর্ঘদিনের স্বপ্নের প্রজেক্ট ‘জি লে জারা’ নিয়েই ব্যস্ত। ঘনিষ্ঠ মহলের মতে, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির মতো আইকনিক চরিত্রের কাস্টিং নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে চান না তিনি। সঠিক অভিনেতা নির্বাচন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই রাজি পরিচালক।
সব মিলিয়ে, ‘ডন ৩’-এর ভবিষ্যৎ এবং ফারহান–রণবীর সম্পর্কের বাস্তব চিত্র—এই মুহূর্তে বলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম। গুঞ্জন আর জল্পনার মাঝেই এখন তাকিয়ে ইন্ডাস্ট্রি—পরবর্তী ঘোষণার দিকে।