বলিউড অভিনেতা রণবীর সিংকে ভয়েস নোটে ফের হুমকি। বিষ্ণোই গ্যাংয়ের পরিচয়ে দাবি— তাঁর কর্মীদের সব তথ্য তাদের কাছে রয়েছে। রোহিত শেট্টি ও বলিউডকেও নিশানা করা হয়েছে।

রণবীর সিং
শেষ আপডেট: 13 February 2026 17:53
বলিউডে ফের চাঞ্চল্য। শুক্রবার নতুন করে হুমকি পেলেন অভিনেতা রণবীর সিং। অভিযোগ, বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত পরিচয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি ভয়েস নোট পাঠিয়ে সতর্কবার্তা দিয়েছেন— যদি রণবীর ‘লাইন-এ না আসেন’, তবে তাঁর কর্মীদের ‘ক্ষতি’ করা হবে। সেই ভয়েস নোটটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে শোনা যাচ্ছে, এক ব্যক্তি বলছেন, “কথা না রাখার শাস্তি কী হবে তোকে বলব।”
শুধু রণবীর নন, ওই বার্তায় পরিচালক রোহিত শেট্টি-র নামও উল্লেখ করা হয়েছে। এমনকি পুরো বলিউডকেও নিশানা করে বলা হয়েছে, “শুধরে যান। যদি তা না করেন, তবে দেখবেন আমরা কী করতে পারি।”
এই হুমকি আসে এমন এক সময়ে, যখন রণবীর এবং তাঁর স্ত্রী, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন মুম্বইয়ের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করেছেন। তাঁদের আবাসন কমপ্লেক্সের এক আধিকারিকের চিঠি অনুযায়ী, দম্পতি বাড়ির বাইরে সশস্ত্র প্রহরী মোতায়েন করেছেন।
ভয়েস নোটে অভিযুক্ত ব্যক্তি রণবীরকে উদ্দেশ্য করে আরও বলেন, “তোমার সব কর্মীদেরও আমি চিনি।” তিনি দাবি করেন, সরাসরি অভিনেতার বিরুদ্ধে না গিয়ে তাঁর ম্যানেজার ও অন্যান্য স্টাফদের টার্গেট করা হবে। এমনকি তাঁদের ব্যক্তিগত তথ্য, কোথায় থাকেন, কখন অফিসে যান বা বাড়ি ফেরেন— সবই নাকি তাঁদের কাছে রয়েছে।
ভয়েস নোটে শোনা যায়, “রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো? মানুষকে বলতে যে আবেদন দায়ের করো বা থানায় রিপোর্ট করো। ঠিক আছে, তুমিও তাই করেছ? সমস্যা নেই। এবার আমার কথা শোনো। তোমার অধীনে যারা কাজ করে, ম্যানেজার, স্টাফ— তাদের সব তথ্য আমাদের কাছে আছে। আমরা সরাসরি তোমাকে কিছু বলব না, আমরা তাদের আঘাত করা শুরু করব। তখনই তোমার হুঁশ ফিরবে।”
রণবীর সিং ছাড়াও রোহিত শেট্টির নাম নিয়ে দু’জনকেই ‘লাইন-এ আসতে’ বলা হয়েছে। যদিও রণবীর ঠিক কী মন্তব্য করেছিলেন, তার বিস্তারিত স্পষ্ট নয়, তবে ভয়েস নোটে ‘কথার খেলাপ’ না করার সতর্কবার্তা শোনা গেছে। পরে পুরো বলিউডকেও উদ্দেশ্য করে বলা হয়, যাদেরই ডাকা হোক না কেন, সবাইকে ‘লাইন-এ আসা উচিত’। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।